নিজস্ব প্রতিবেদক, রাঙ্গুনিয়া:সৌরভ সাহা-
আর মাত্র কয়েকদিন পরই শুরু হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। উৎসবকে ঘিরে চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার বিভিন্ন মন্দির ও পূজামণ্ডপে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। পূজার দিন যত ঘনিয়ে আসছে, ততই বাড়ছে প্রতিমা তৈরির কারিগরদের কর্মব্যস্ততা। নির্ধারিত সময়ের মধ্যে প্রতিমা তৈরির কাজ শেষ করতে সকাল থেকে গভীর রাত পর্যন্ত নিরলস পরিশ্রম করছেন মৃৎশিল্পীরা।
রাঙ্গুনিয়ার বিভিন্ন প্রতিমা তৈরির কারখানা ঘুরে দেখা যায়, কোথাও বাঁশ ও খড় দিয়ে প্রতিমার কাঠামো তৈরি করা হচ্ছে, আবার কোথাও কাদামাটির প্রলেপে ধীরে ধীরে ফুটিয়ে তোলা হচ্ছে দেবী দুর্গার অবয়ব। কেউ ব্যস্ত প্রতিমার মুখাবয়ব নিখুঁত করতে, আবার কেউ রঙ-তুলির আঁচড়ে সাজিয়ে তুলছেন দেবী দুর্গা ও তাঁর পরিবারের সদস্যদের প্রতিমা।
রাঙ্গুনিয়ার শান্তিনিকেতনের শ্রীকৃষ্ণ মৃৎশিল্পালয়ের স্বত্বাধিকারী শ্রী অমিত সাহা জানান, এবারের দুর্গাপূজাকে সামনে রেখে তাঁরা প্রতিমা তৈরি করছেন। এর মধ্যে কিছু প্রতিমা কারখানায় এবং বিভিন্ন এলাকার চাহিদা অনুযায়ী কিছু প্রতিমা সংশ্লিষ্ট এলাকাতেও তৈরি করা হচ্ছে।
তিনি বলেন, এ বছর প্রতিমা তৈরির খরচের তুলনায় দাম কিছুটা কম পাওয়া যাচ্ছে। ফলে উৎপাদন খরচ পুষিয়ে নেওয়া কঠিন হয়ে পড়েছে। তারপরও নির্ধারিত সময়ের মধ্যে প্রতিমা তৈরির কাজ শেষ করতে তাঁরা সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছেন।
প্রতিমা তৈরির প্রতিটি ধাপেই রয়েছে শিল্পীদের দক্ষতা, অভিজ্ঞতা ও সৃজনশীলতার ছাপ। প্রথমে বাঁশ ও খড় দিয়ে তৈরি করা হয় প্রতিমার মূল কাঠামো। এরপর সুতলি দিয়ে কাঠামোটি শক্তভাবে বেঁধে কয়েক দফায় দেওয়া হয় কাদামাটির প্রলেপ। মাটি শুকিয়ে গেলে শুরু হয় প্রতিমার অবয়ব ও মুখাবয়ব নিখুঁত করার কাজ। সবশেষে রঙ-তুলির আঁচড়ে প্রতিমা পায় পূর্ণাঙ্গ রূপ।
দেবী দুর্গার পাশাপাশি তৈরি হচ্ছে লক্ষ্মী, সরস্বতী, কার্তিক, গণেশ ও অসুরের প্রতিমা। একই সঙ্গে নির্মাণ করা হচ্ছে সিংহ, মহিষ, পেঁচা, হাঁস ও সর্পসহ বিভিন্ন অনুষঙ্গ। প্রতিমার আকার, নকশা ও আয়োজকদের চাহিদা অনুযায়ী কারিগররা দিচ্ছেন বিশেষ মনোযোগ।
প্রতিমাশিল্পীরা জানান, একটি পূর্ণাঙ্গ প্রতিমাসেট তৈরি করতে দিনের পর দিন শ্রম দিতে হয়। পূজার সময় ঘনিয়ে আসায় এখন কাজের চাপ বেড়েছে কয়েকগুণ। নির্ধারিত সময়ের মধ্যে প্রতিমা সরবরাহ করতে অনেকটা বিরামহীনভাবেই কাজ করছেন তাঁরা।
অন্যদিকে বিভিন্ন পূজামণ্ডপে চলছে মণ্ডপ সাজানো, আলোকসজ্জা ও অন্যান্য প্রস্তুতি। মৃৎশিল্পীদের নিপুণ হাতের ছোঁয়ায় বাঁশ, খড় ও কাদামাটির কাঠামো ধীরে ধীরে রূপ নিচ্ছে দেবী দুর্গা ও তাঁর পরিবারের সদস্যদের প্রতিমায়।
সব মিলিয়ে রাঙ্গুনিয়ায় শারদীয় দুর্গোৎসবকে ঘিরে বাড়ছে উৎসবের আমেজ। মৃৎশিল্পীদের শেষ মুহূর্তের ব্যস্ততা আর পূজামণ্ডপের প্রস্তুতির মধ্য দিয়ে দেবী দুর্গাকে বরণ করে নিতে প্রস্তুত হচ্ছে উপজেলার সনাতন ধর্মাবলম্বীরা।