নিজস্ব প্রতিবেদক:
রাঙ্গুনিয়ায় এক দিনে সাড়ে পাঁচ হাজার গাছের চারা রোপণ করা হয়েছে। মঙ্গলবার (২৭ অক্টোবর) দিনব্যাপি চট্টগ্রাম জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জাহেদুল ইসলাম মিঞার উদ্যোগ ও নির্দেশনায় জেলার সব উপজেলায় একযোগে বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে এসব চারা রোপণ করা হয়।
রাঙ্গুনিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নাজমুল হাসানের উপস্থিতি ও সহযোগিতায় উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে সাড়ে ৫ হাজার চারা রোপণের কর্মসূচি পালন করা হয়। সংশ্লিষ্ট কর্মসূচিতে সহযোগিতা করেন রাঙ্গুনিয়ার ২০টি মানবিক ও স্বেচ্ছাসেবী সংগঠন। এই সময় উপস্থিত ছিলেন বনবিভাগের রাঙ্গুনিয়া রেঞ্জ কর্মকর্তা মেহরাজ উদ্দিন, রাঙ্গুনিয়া পৌরসভার সচিব আল হেলাল প্রমুখ।
উপজেলা নির্বাহী অফিসার মো. নাজমুল হাসান জানান, পরিবেশের ভারসাম্য রক্ষা, প্রাকৃতিক সৌন্দর্য বৃদ্ধি এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য সবুজ ও বাসযোগ্য পৃথিবী গড়ে তোলার লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। বৃক্ষরোপণের পাশাপাশি পরিবেশ সংরক্ষণে জনসচেতনতা তৈরি করাও এ কর্মসূচির উদ্দেশ্য।
পরিবেশ রক্ষায় সবাইকে বেশি করে গাছ লাগানোর পাশাপাশি রোপণ করা চারার নিয়মিত পরিচর্যা করার আহ্বান জানান আয়োজকেরা।