আব্বাস হোসাইন আফতাব :
রাঙ্গুনিয়ায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নতুন নিয়োগ পাওয়া ২৮ জন সহকারী শিক্ষকের প্রশিক্ষণ শেষ হয়েছে। গত ১ অক্টোবর তাঁরা প্রাথমিকভাবে যোগদান করেন। বৃহস্পতিবার তাঁদের প্রশিক্ষণ শেষ হয়।
প্রশিক্ষণে প্রাথমিক শিক্ষার বিভিন্ন বিষয়, শ্রেণিকক্ষে পাঠদান পদ্ধতি, শিক্ষার্থীদের সঙ্গে আচরণ, বিদ্যালয় ব্যবস্থাপনা ও শিক্ষার মানোন্নয়ন বিষয়ে ধারণা দেওয়া হয়।
নতুন শিক্ষকদের উপজেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পদায়নের ক্ষেত্রে স্বচ্ছতা নিশ্চিত করতে লটারির মাধ্যমে বিদ্যালয় নির্ধারণ করা হবে। এ প্রক্রিয়ায় কোনো ধরনের পক্ষপাত বা অনিয়মের সুযোগ থাকবে না বলে সংশ্লিষ্টরা জানান।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নাজমুল হাসান বলেন, “শিক্ষকদের পদায়ন প্রক্রিয়ায় স্বচ্ছতা নিশ্চিত করতে লটারির মাধ্যমে বিদ্যালয় নির্ধারণ করা হবে। নতুন শিক্ষকেরা আন্তরিকতা ও দায়িত্বশীলতার সঙ্গে পাঠদান করবেন এটাই প্রত্যাশা।”
উপজেলা শিক্ষা কর্মকর্তা লিপি রানী গোপ বলেন, নতুন শিক্ষকদের প্রশিক্ষণের মাধ্যমে প্রাথমিক শিক্ষার বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে ধারণা দেওয়া হয়েছে। প্রশিক্ষণলব্ধ জ্ঞান কাজে লাগিয়ে তাঁরা বিদ্যালয়ে শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে ভূমিকা রাখবেন বলে আশা করেন তিনি।
প্রশিক্ষণ শেষে লটারির মাধ্যমে বিদ্যালয় নির্ধারণ করা হলে নতুন শিক্ষকরা সংশ্লিষ্ট বিদ্যালয়ে দায়িত্ব পালন শুরু করবেন।