রাঙ্গুনিয়ায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নাজমুল হাসান পরিচয়ে বিভিন্ন ব্যক্তিকে ফোন করে অর্থ ও অন্যান্য সুযোগ-সুবিধা আদায়ের চেষ্টা করার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে উপজেলা প্রশাসন।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, মোবাইল নম্বর থেকে বিভিন্ন ব্যক্তিকে ফোন করা হচ্ছে। ফোনে নিজেকে রাঙ্গুনিয়ার ইউএনও পরিচয় দিয়ে অর্থ ও অন্যান্য সুযোগ-সুবিধা চাওয়া হচ্ছে বলে অভিযোগ রয়েছে।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রতারকের ব্যবহৃত নম্বরটি ইউএনওর সরকারি নম্বরের সঙ্গে প্রায় হুবহু মিলে যায়।
এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। এ ধরনের ফোন পেলে যাচাই ছাড়া কোনো অর্থ লেনদেন বা ব্যক্তিগত তথ্য না দিতে এবং বিষয়টি প্রশাসনকে জানানোর জন্য সবাইকে অনুরোধ করা হয়েছে।