রাঙ্গুনিয়ায় আসামি ধরতে গিয়ে পুলিশের এক উপপরিদর্শক (এসআই) আঘাত পেয়েছেন। এ ঘটনায় পুলিশের ওপর হামলার অভিযোগে থানায় মামলা হয়েছে। মামলায় মো. তানসেন নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাঁর সঙ্গে থাকা অন্যরা পালিয়ে যায়।
রোববার (২০ সেপ্টেম্বর) রাতে উপজেলার মরিয়মনগর ইউনিয়নের চৌমুহনি এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ সূত্রে জানা গেছে, একটি মামলার আসামিকে গ্রেপ্তারের জন্য মরিয়মনগর চৌমুহনি এলাকায় অভিযান চালায় পুলিশের একটি দল। এ সময় পুলিশের ওপর হামলার ঘটনা ঘটে। এতে পুলিশের এসআই মো. আবু নাসেরের হাঁটুতে আঘাত লাগে। পরে তাঁকে রাঙ্গুনিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য তাঁকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে (চমেক) ভর্তি করা হয়।
অভিযানের সময় ঘটনাস্থল থেকে মো. তানসেনকে গ্রেপ্তার করা হয়। তবে তাঁর সঙ্গে থাকা অন্যরা পালিয়ে যায়।
রাঙ্গুনিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) মো. নাজমুল বলেন, ‘এ ঘটনায় পুলিশের ওপর হামলার অভিযোগে (পুলিশ অ্যাসল্ট) থানায় মামলা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত অন্যদের গ্রেপ্তারে অভিযান চলছে।’