রাঙ্গুনিয়ায় কেরাত ও নাত প্রতিযোগিতার পুরস্কার বিতর
রাঙ্গুনিয়া প্রতিনিধি রাঙ্গুনিয়ার বেতাগী ইউনিয়নের ১৯ টি শিক্ষাপ্রতিষ্ঠানের ১০৮ শিক্ষার্থীকে নিয়ে ক্বেরাত ও নাত প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৭ সেপ্টেম্বর) বিকেলে দরবার-এ বেতাগী আস্তানা শরীফে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।পবিত্র ঈদে মিলাদুন্নবী (দ.) উপলক্ষে বেতাগী আনজুমানে রহমানিয়ার আয়োজনে চতুর্থবারের মতো ক্বেরাত ও নাত প্রতিযোগিতার আয়োজন করা হয়। একই অনুষ্ঠানে হযরত শাহ জিল্লুর রহমান (রহ.) ফাউন্ডেশনের আয়োজনে বেতাগী ইউনিয়নের বিভিন্ন ইবতেদায়ী মাদ্রাসা, প্রাথমিক বিদ্যালয় ও কে জি স্কুল থেকে পঞ্চম শ্রেণিতে উত্তীর্ণ হয়ে ষষ্ঠ শ্রেণিতে যাওয়া শিক্ষার্থীদের দ্বিতীয় পুরস্কার বিতরণ করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দরবার-এ বেতাগী আস্তানা শরীফের সাজ্জাদানশীন ও ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা হযরত মাওলানা মুহাম্মদ গোলামুর রহমান আশরফশাহ্ ।
অনুষ্ঠানে অতিথি ও আলোচক ছিলেন বেতাগী রহমানিয়া জামেউল উলুম আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা ইলিয়াছ নূরী, হিজরি নববর্ষ উদযাপন পরিষদের প্রতিষ্ঠাতা মহাসচিব মুহাম্মদ এনামুল হক সিদ্দিকী, রাজনীতিবিদ মোহাম্মদ সোলায়মান, বেতাগী আনজুমানে রহমানিয়ার সদস্য ডা. মোহাম্মদ ইউসুফ, মোহাম্মদ হারুন, উপাধ্যক্ষ মাওলানা জসিম উদ্দীন আবেদী, সাংবাদিক আব্বাস হোসাইন আফতাব, জগলুল হুদা, মাস্টার মোহাম্মদ সেলিম, পশ্চিম বেতাগী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ও ক্বেরাত-নাত প্রতিযোগিতা উদযাপন পরিষদ-২০২৬-এর আহ্বায়ক মাস্টার ফারুক আহমেদ, পূর্ব বেতাগী হযরত ওয়ায়েজ উদ্দীন শাহ (রহ.) কে জি স্কুলের প্রধান শিক্ষক ও পরিষদের সদস্যসচিব মাওলানা মোহাম্মদ জামাল হোসাইনসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও সংগঠকেরা।
এ সময় বক্তারা বলেন, এলাকার শিক্ষাপ্রতিষ্ঠানের কোমলমতি শিক্ষার্থীদের লেখাপড়ার প্রতি উৎসাহিত করতে বেতাগী আনজুমানে রহমানিয়ার এ উদ্যোগ প্রশংসনীয়। শিক্ষা বিস্তারের পাশাপাশি সমাজ উন্নয়ন ও সৃজনশীল সাংস্কৃতিক কার্যক্রমে বিত্তবান ও সামর্থ্যবান ব্যক্তিদের এগিয়ে আসার আহ্বান জানান তাঁরা।
আয়োজকেরা জানান, বেতাগী ইউনিয়নের ১৯টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে মোট ১০৮ শিক্ষার্থী ক্বেরাত ও নাত প্রতিযোগিতায় অংশ নেয়। প্রতিযোগিতায় বিজয়ী ৪০ শিক্ষার্থীকে ক্রেস্ট, সনদ ও বই দেওয়া হয়। এ ছাড়া অংশগ্রহণকারী সব শিক্ষার্থীকে সান্ত্বনা পুরস্কার দেওয়া হয়।
অন্যদিকে, ২০২৫ সালে পঞ্চম শ্রেণি থেকে ষষ্ঠ শ্রেণিতে উত্তীর্ণ ৫৭ শিক্ষার্থীকে ক্রেস্ট ও বই দেওয়া হয়।
অনুষ্ঠান সঞ্চালনা করেন ক্বেরাত-নাত প্রতিযোগিতা উদযাপন পরিষদ-২০২৬-এর যুগ্ম আহ্বায়ক মুহাম্মদ আরিফুর রহমান রাশেদ।