‘ইউনিয়ন পরিষদ হচ্ছে একটি ছোট বাংলাদেশ। বাংলাদেশে যেসব কার্যক্রম হয়, সেসব কার্যক্রমও এখান থেকে পরিচালিত হয়। এখানে নাগরিকেরা বিভিন্ন সেবা পান এবং সরকারের বিভিন্ন এজেন্ডা বাস্তবায়িত হয়। গ্রাম আদালতে কোনো বিচার-শালিস যাতে পেন্ডিং না থাকে, সে বিষয়ে গুরুত্ব দিতে হবে।’
চট্টগ্রাম স্থানীয় সরকারের উপপরিচালক গোলাম মাঈন উদ্দিন হাসান রাঙ্গুনিয়ায় বিভিন্ন ইউনিয়ন পরিষদ পরিদর্শনকালে এসব কথা বলেন।
সোমবার (২৮ সেপ্টেম্বর) সকালে সফরের শুরুতে তিনি উপজেলার বেতাগী ইউনিয়ন পরিষদ পরিদর্শন করেন। এ সময় ফিতা কেটে ইউনিয়ন পরিষদের একটি পাঠাগারের উদ্বোধন করেন তিনি। পরিদর্শনকালে গোলাম মাঈনউদ্দিন হাসান বলেন, গ্রাম আদালতের বিচার-শালিস ও সেবা কার্যক্রম কোনোভাবেই অপেক্ষমাণ রাখা যাবে না। মানুষ যেন ইউনিয়ন পরিষদে এসে সহজেই গ্রাম আদালতের মাধ্যমে বিচার পেতে পারেন, তা নিশ্চিত করতে হবে। পাশাপাশি জনপ্রতিনিধি ও পরিষদের সচিবদের দক্ষতা বৃদ্ধির জন্য চেয়ারম্যান ও সদস্যদের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।
বেতাগী ইউনিয়ন পরিষদে পাঠাগার উদ্বোধনের পাশাপাশি তিনি উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদ পর্যায়ক্রমে পরিদর্শন করেন। প্রতিটি পরিষদে জনপ্রতিনিধি ও দায়িত্বশীল কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন এবং পরিষদের সেবা কার্যক্রম আরও গতিশীল ও জনবান্ধব করার বিষয়ে বিভিন্ন দিকনির্দেশনা দেন।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্থানীয় সরকারের উপপরিচালক বলেন, পর্যায়ক্রমে উপজেলার প্রতিটি ইউনিয়ন পরিষদে এ ধরনের পাঠাগার স্থাপন করা হবে। পাঠাগারগুলোতে নিয়মিত দৈনিক পত্রিকা রাখার ব্যবস্থাও করা হবে।
তিনি বলেন, ইউনিয়ন পরিষদ থেকে জনগণ যাতে সহজে ও দ্রুত সেবা পান, সে বিষয়ে জনপ্রতিনিধি ও কর্মকর্তাদের আরও আন্তরিক হতে হবে।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নাজমুল হাসান, বেতাগী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শফিউল আলম, ইউনিয়ন পরিষদের সদস্য, সচিবসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে স্থানীয় সরকারের উপপরিচালক গোলাম মাঈনউদ্দিন হাসান ও ইউএনও মো. নাজমুল হাসান পরিষদ প্রাঙ্গণে পৃথকভাবে গাছের চারা রোপণ করেন।