চলমান রাঙ্গুনিয়া প্রতিবেদক :
কয়েকদিন আগে সন্তান জন্ম নিয়েছে। নতুন অতিথির আগমনে পরিবারে ছিল আনন্দের আবহ। সেই আনন্দ ভাগ করে নিতে শনিবার (২৬ সেপ্টেম্বর) এলাকায় মিষ্টি বিতরণ করেছিলেন উৎপল নাথ (৩০)। কিন্তু মিষ্টি বিতরণের কয়েক ঘণ্টা পরই তাঁর মৃত্যুসংবাদ শুনতে হয় স্বজনদের।
শনিবার রাত আনুমানিক আটটার দিকে রাঙ্গুনিয়া উপজেলার হোছনাবাদ ইশান সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে বাড়ির বাইরে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হন উৎপল নাথ। পরে তাঁর মৃত্যু হয়।
উৎপল নাথ হোছনাবাদ এলাকার সুধন নাথের ছেলে। কয়েকদিন আগে সন্তান জন্মের পর শনিবার এলাকায় মিষ্টি বিতরণ করেছিলেন তিনি। ওই দিন রাতেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তাঁর মৃত্যুতে পরিবারে নেমে এসেছে শোকের ছায়া।
একদিকে ঘরে নবজাতক, অন্যদিকে পরিবারের একজন সদস্যের আকস্মিক মৃত্যু। সন্তান জন্মের আনন্দের দিনটি এভাবে শোকে পরিণত হওয়ায় স্বজন ও প্রতিবেশীদের মধ্যেও নেমে এসেছে বিষাদের ছায়া।