রাঙ্গুনিয়ায় রাজখালী খালে পড়ে মুহাম্মদ মিনহাজ (১২) নামের এক মাদ্রাসাছাত্রের মৃত্যু হয়েছে। শনিবার (২৬ সেপ্টেম্বর) সকালে উপজেলার ইসলামপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের খতিবনগর এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত মিনহাজ ওই এলাকার মুহাম্মদ ইব্রাহিমের ছেলে। সে ইসলামপুর তৈয়্যবিয়া তাহেরিয়া ছত্তারিয়া সুন্নিয়া মাদ্রাসার হিফজ বিভাগের ছাত্র ছিল।
স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, সকালে বাড়িতে সাইকেল রেখে এক বন্ধুর সঙ্গে বের হয়েছিল মিনহাজ। রাজখালী খালের পাড় দিয়ে যাওয়ার সময় হঠাৎ সে পানিতে পড়ে যায়। কিছুক্ষণ পর তার সঙ্গে থাকা বন্ধু পেছনে ফিরে মিনহাজকে পানিতে ডুবে যেতে দেখে চিৎকার শুরু করে। পরে স্থানীয় লোকজন এসে তাকে উদ্ধার করেন।
মিনহাজকে রাঙ্গামাটি মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মাদ্রাসা ও পারিবারিক সূত্রে জানা গেছে, অসুস্থতার কারণে তিন দিন আগে হিফজ বিভাগ থেকে ছুটি নিয়ে মিনহাজকে বাড়িতে নিয়ে যান তার মা। শনিবার সকাণে তাকে আবার মাদ্রাসায় নেওয়ার কথা ছিল। এর আগেই বন্ধুর সঙ্গে বের হয়ে খালে পড়ে তার মৃত্যু হয়।
ইসলামপুর তৈয়্যবিয়া তাহেরিয়া ছত্তারিয়া সুন্নিয়া মাদ্রাসার সুপার মাওলানা নুরুল আলম বলেন, ‘মুহাম্মদ মিনহাজ অত্যন্ত মেধাবী ছাত্র ছিল। অল্প সময়ের মধ্যেই সে পবিত্র কোরআনের চার পারা হিফজ করেছিল। তার আকস্মিক মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত।’
রাঙ্গুনিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ জহির উদ্দিন বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’