বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
বিদ্যালয়-মাদ্রাসার পাশে উন্মুক্ত ডাস্টবিন, দুর্ভোগ ইউএনও পরিচয়ে ফোন, রাঙ্গুনিয়ায় প্রতারণার চেষ্টা রাঙ্গুনিয়ায় পৌর কর বৃদ্ধির প্রতিবাদে মানববন্ধন গ্রাম আদালতে কোনো বিচার-শালিস যাতে পেন্ডিং না থাকে -বেতাগীতে স্থানীয় সরকারের উপপরিচালক  রাঙ্গুনিয়ায় এক মাসব্যাপী বিশেষ হাম-রুবেলা টিকাদান সরফভাটায় বিএনপি নেতাকে হ’ত্যাচেষ্টা মা’মলার আ’সামি গ্রে’প্তার বেতাগীতে কেরাত ও নাত প্রতিযোগিতার পুরস্কার বিতরণ সন্তান জন্মের আনন্দে মিষ্টি বিলিয়েছিলেন, কয়েক ঘণ্টা পরই মৃত্যু শিক্ষার উদ্দেশ্য শুধু ভালো ফল নয়, জ্ঞানকে কাজে লাগিয়ে মানুষের কল্যাণে অবদান রাখা – ইকবাল হাছান লিচুবাগান থেকে মরিয়মনগর কমেনি সিএনজি ভাড়া

মানুষের পাশে যারা, তাদের পাশে দাঁড়াল ‘চলমান রাঙ্গুনিয়া’

  • প্রকাশিত: রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬
  • ৬৮ বার পড়া হয়েছে

আব্বাস হোসাইন আফতাব : 
মানুষের বিপদে কেউ রক্ত নিয়ে ছুটে যান হাসপাতালে। কেউ ক্ষুধার্ত মানুষের হাতে তুলে দেন একবেলার খাবার। কেউ দুর্যোগে মানুষের পাশে দাঁড়ান, কেউ তরুণদের সংগঠিত করে সামাজিক ও মানবিক কাজে যুক্ত করেন। আবার কেউ সাহিত্য, সংস্কৃতি ও সচেতনতার মাধ্যমে সমাজে ইতিবাচক পরিবর্তনের চেষ্টা করেন। নীরবে মানুষের জন্য কাজ করে যাওয়া এমন স্বেচ্ছাসেবী সংগঠনের সংখ্যা রাঙ্গুনিয়ায় কম নয়।
এসব সংগঠনের কাজের স্বীকৃতি দিতে এবার এগিয়ে এসেছে পাক্ষিক চলমান রাঙ্গুনিয়া। কৃতী শিক্ষার্থীদের সম্মান জানানোর পাশাপাশি স্বেচ্ছাসেবী সংগঠনগুলোকেও সম্মাননা দিয়ে ব্যতিক্রমী আয়োজন করেছে পত্রিকাটি।
শনিবার সকালে রাঙ্গুনিয়া উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয় ‘অদম্য মেধাবী পুরস্কার-২০২৬’ প্রদান ও স্বেচ্ছাসেবী সংগঠন সম্মাননা অনুষ্ঠান। এক ছাদের নিচে এদিন মিলন ঘটে মেধা, মানবিকতা ও সামাজিক দায়বদ্ধতার।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নাজমুল হাসান। উদ্বোধন করেন খ্রিস্টিয়ান হাসপাতাল চন্দ্রঘোনার পরিচালক ডা. প্রবীর খিয়াং। সভাপতিত্ব করেন চলমান রাঙ্গুনিয়া পত্রিকার পাঠক সংগঠন ‘বন্ধু সমাবেশ’ এর আহ্বায়ক কৃষিবিদ সনজীব সুশীল। অনুষ্ঠান সঞ্চালনা করেন বন্ধু সমাবেশের সদস্য সচিব, বাচিক শিল্পী ও শিক্ষক এম মোরশেদ আলম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙ্গুনিয়া মডেল থানার উপপরিদর্শক মো. নাজমুল হোসেন, উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা প্রণব চন্দ্র মজুমদার, রাঙ্গুনিয়া প্রেস ক্লাবের সভাপতি মো. ইলিয়াছ, সাধারণ সম্পাদক মো. নুরুল আবছার চৌধুরী, কবি ও শিশুসাহিত্যিক আকাশ আহমেদ, ফায়ার সার্ভিস রাঙ্গুনিয়া স্টেশনের ভারপ্রাপ্ত ইনচার্জ মো. জাহেদুর রহমান, চলমান রাঙ্গুনিয়া পত্রিকার সম্পাদক আব্বাস হোসাইন আফতাব এবং নির্বাহী সম্পাদক জগলুল হুদা।
মানুষের জন্য কাজ করা ১২ সংগঠন
রাঙ্গুনিয়ায় মানুষের জন্য বিভিন্নভাবে কাজ করে যাওয়া ১২টি সংগঠনকে দেওয়া হয় সম্মাননা। সংগঠনগুলোর প্রতিনিধিরা নিজেদের কাজ ও অভিজ্ঞতার কথা তুলে ধরেন।
প্রথম আলো বন্ধুসভার পক্ষে বক্তব্য দেন কুতুবুল আহসান। রাঙ্গুনিয়া ব্লাড ব্যাংকের পক্ষে রাশেদ হাসান।
এক বেলার আহারের পক্ষে মো. সাজ্জাদ। টিম রাঙ্গুনিয়ার পক্ষে মো. কাউসার হোসাইন।
রাঙ্গুনিয়া সাহিত্য পরিষদের পক্ষে খোরশেদ আলম।
বেতাগী মানবিক ফাউন্ডেশনের পক্ষে তমাল বড়ুয়া।
আল হাইতাম কল্যাণ ট্রাস্টের পক্ষে নাজমুল করিম ফরহাদ।
গাউসিয়া কমিটি আদর্শ গ্রাম শাখার পক্ষে শওকত হোসেন।
রেড ক্রিসেন্ট সোসাইটি রাঙ্গুনিয়ার পক্ষে মুনতাসির আলম।
যুব স্কোয়াড রাইডার্স রাঙ্গুনিয়ার পক্ষে ইসমাইল হোসেন নয়ন।
নুরের আলো যুব সংঘের পক্ষে নাজমুল আমিন তারেক।
যুগান্তর স্বজন সমাবেশের পক্ষে মো. মিজান।
কেউ রক্তের প্রয়োজনে মানুষের পাশে দাঁড়াচ্ছেন, কেউ অসহায় মানুষের মুখে খাবার তুলে দিচ্ছেন। কেউ সামাজিক সচেতনতা তৈরিতে কাজ করছেন, কেউ তরুণদের নিয়ে ছুটছেন মানুষের প্রয়োজনে। তাঁদের কাজের ধরন আলাদা হলেও লক্ষ্য এক মানুষের পাশে দাঁড়ানো।
মেধার সঙ্গে মানবিকতারও স্বীকৃতি
অনুষ্ঠানের আরেকটি গুরুত্বপূর্ণ পর্ব ছিল ‘অদম্য মেধাবী পুরস্কার-২০২৬’। রাঙ্গুনিয়ার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের কৃতী শিক্ষার্থীদের হাতে এ পুরস্কার তুলে দেওয়া হয়।
একদিকে মেধাবী শিক্ষার্থীদের স্বীকৃতি, অন্যদিকে মানুষের জন্য কাজ করা সংগঠনগুলোর সম্মাননা। আয়োজকদের এ উদ্যোগে যেন একটি বিষয় স্পষ্ট হয়ে ওঠে একটি সুন্দর সমাজ গড়তে মেধার পাশাপাশি প্রয়োজন মানবিকতা ও সামাজিক দায়বদ্ধতা।
স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর প্রতিনিধিরা মনে করেন, কাজের স্বীকৃতি তাঁদের আরও উৎসাহিত করবে। একই সঙ্গে নতুন প্রজন্মের অনেক তরুণ সামাজিক ও মানবিক কাজে যুক্ত হতে আগ্রহী হবে।
অনুষ্ঠানে রাঙ্গুনিয়ার বিভিন্ন এলাকার স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধি, শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, সাংবাদিক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
দিন শেষে অনুষ্ঠানটি শুধু পুরস্কার ও সম্মাননা দেওয়ার আয়োজন হয়ে থাকেনি। এটি হয়ে উঠেছিল রাঙ্গুনিয়ার মেধাবী প্রজন্ম এবং নীরবে মানুষের পাশে থাকা স্বেচ্ছাসেবীদের এক মিলনমেলা। মেধার স্বীকৃতি আর মানবিকতার সম্মান মিলিয়ে যেন উঠে এসেছে একটি প্রত্যাশা নিজের জন্য নয়, সমাজের জন্যও কিছু করার।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews