রাঙ্গুনিয়া উপজেলার পদুয়া ইউনিয়নের পূর্ব খুরুশিয়া কমলাছড়ি বাজারে অগ্নিকাণ্ডে পাঁচটি ব্যবসাপ্রতিষ্ঠান পুড়ে গেছে। শুক্রবার রাত ১১টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে প্রায় ১৪ থেকে ১৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা জানিয়েছেন।
স্থানীয় বাসিন্দারা জানান, রাত ১১টার দিকে বাজারের একটি দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। পরে মুহূর্তের মধ্যে আগুন আশপাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। এতে মোহাম্মদ কালু সওদাগর ও মোহাম্মদ জাহাঙ্গীর আলমের দুটি মুদিদোকান, একটি চায়ের দোকান, মোরশেদের মালিকানাধীন একটি রাইস মিল এবং সজল দাশের একটি সেলুন পুড়ে যায়। দোকানগুলোর মালামালও আগুনে পুড়ে নষ্ট হয়েছে।
স্থানীয় বাসিন্দা সাদ্দাম বলেন, ‘রাত ১১টার দিকে হঠাৎ আগুন লাগে। মুহূর্তের মধ্যে আগুন চারদিকে ছড়িয়ে পড়ে। ফায়ার সার্ভিসে খবর দেওয়া হলেও দূরত্ব বেশি হওয়ায় তারা ঘটনাস্থলে পৌঁছাতে পারেনি। এর মধ্যেই দোকানগুলো পুড়ে যায়।’
শনিবার সকালে ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, আগুনে পুড়ে যাওয়া দোকানগুলোর ছাই ও পোড়া মালামাল পড়ে আছে। সর্বস্ব হারিয়ে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা দিশেহারা হয়ে পড়েছেন।
স্থানীয় লোকজন জানান, ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী কালু সওদাগর শারীরিকভাবে অসুস্থ। তাঁর দোকানটি ছিল আয়ের অন্যতম উৎস। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের অনেকেরই ব্যাংকঋণ রয়েছে। অগ্নিকাণ্ডের পর ব্যবসা চালু করা নিয়ে তাঁরা অনিশ্চয়তার মধ্যে পড়েছেন।
স্থানীয় ব্যবসায়ী ও বাসিন্দারা ক্ষতিগ্রস্তদের সরকারি-বেসরকারি সহায়তার দাবি জানিয়েছেন। একই সঙ্গে দক্ষিণ রাঙ্গুনিয়ায় দ্রুত একটি ফায়ার সার্ভিস স্টেশন স্থাপনের দাবি জানান তাঁরা।
অগ্নিকাণ্ডের সূত্রপাতের কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।