রাঙ্গুনিয়ায় পুকুরে গোসল করতে নেমে রবিন (১৬) নামের এক স্কুলশিক্ষার্থীর মৃত্যু হয়েছে। সোমবার দুপুরে উপজেলার থানা সদরের সৈয়দবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত রবিন উপজেলার শিলক ইউনিয়নের বড়ুয়া পাড়ার বাসিন্দা। সে শিলক উচ্চবিদ্যালয় থেকে এবারের এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছিল। একটি বিষয়ে অকৃতকার্য হওয়ায় পুনরায় ওই বিষয়ে পরীক্ষা দেওয়ার জন্য বিদ্যালয়ে ভর্তি হয়ে নিয়মিত শ্রেণি কার্যক্রমে অংশ নিচ্ছিল সে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাবেদ হোসেন তালুকদার বলেন, “রবিন নিয়মিত বিদ্যালয়ে আসত এবং শ্রেণি কার্যক্রমে অংশ নিত। তার এমন মর্মান্তিক মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। তার পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি।”
স্থানীয় সূত্রে জানা যায়, পড়াশোনার পাশাপাশি রবিন থানা সদরের একটি গ্যারেজে কাজ করত। সোমবার কাজের ফাঁকে পাশের একটি পুকুরে গোসল করতে নামে সে। একপর্যায়ে পা পিছলে পানিতে ডুবে যায়।
পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে রাঙ্গুনিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
রবিনের মৃত্যুতে তার পরিবার, সহপাঠী ও স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।