রাঙ্গুনিয়ায় ডেঙ্গুর প্রকোপ বাড়ছে। রোববার(১৩ সেপ্টেম্বর)একদিনে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নয়জনের ডেঙ্গু শনাক্ত হয়েছে। গত ২০ দিনে উপজেলায় প্রায় ৫০ জনের ডেঙ্গু শনাক্ত হয়েছে। তাঁদের মধ্যে ২৫ জনকে হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হয়েছে।
ডেঙ্গু সংক্রমণের দিক থেকে রাঙ্গুনিয়া পৌরসভার সৈয়দবাড়ি, বেতাগী ইউনিয়নের পূর্ব বেতাগী ও ইছাখালী দাশপাড়াকে ঝুঁকিপূর্ণ এলাকা হিসেবে চিহ্নিত করা হয়েছে। এর মধ্যে সৈয়দবাড়ি প্রথম, পূর্ব বেতাগী দ্বিতীয় এবং দাশপাড়া তৃতীয় হটস্পট হিসেবে রয়েছে।
ডেঙ্গু রোগীর সংখ্যা বাড়তে থাকায় পৌরসভা এলাকায় মশক নিধন কার্যক্রম জোরদারের দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ও ডেঙ্গু রোগের ফোকাল পারসন আলোয়ারুল আজম বলেন, রাঙ্গুনিয়ায় ডেঙ্গু রোগীর সংখ্যা বাড়ছে। কয়েকটি এলাকায় রোগীর সংখ্যা তুলনামূলক বেশি। এসব এলাকায় এডিস মশার প্রজননস্থল ধ্বংস করতে সচেতনতা ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদার করা প্রয়োজন।
তিনি বলেন, জ্বর হলে অবহেলা না করে দ্রুত ডেঙ্গু পরীক্ষা করানো উচিত। বাড়ির আশপাশে পানি জমে থাকলে তা অপসারণ করতে হবে। ব্যক্তি ও পরিবার পর্যায়ে সচেতনতার পাশাপাশি মশা নিয়ন্ত্রণ কার্যক্রমও জোরদার করা জরুরি।