নারীদের নিরাপদ, স্বাচ্ছন্দ্যময় ও হয়রানিমুক্ত যাতায়াত নিশ্চিত করতে চট্টগ্রাম নগরীতে চালু হয়েছে বিআরটিসির বিশেষ ‘মহিলা বাস সার্ভিস’। মঙ্গলবার (১৮ আগস্ট ২০২৬) থেকে আনুষ্ঠানিকভাবে এ সেবা চালু করা হয়েছে।
বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশন (বিআরটিসি) চট্টগ্রাম বাস ডিপো, নতুন পাড়া থেকে প্রকাশিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, নারীদের জন্য নিরাপদ ও আরামদায়ক যাতায়াত নিশ্চিতকরণে প্রধানমন্ত্রীর নির্বাচনী ইশতেহার অনুযায়ী নারী বান্ধব ‘মহিলা বাস সার্ভিস’ চালুর উদ্যোগ নেওয়া হয়েছে।
নতুন এই সেবার নির্ধারিত রুট হলো—কালুরঘাট → কর্ণফুলী বাজার → বহদ্দারহাট → মুরাদপুর → ২ নম্বর গেইট → জিইসি → টাইগারপাস → আগ্রাবাদ → বড়পোল → ফ্রি পোর্ট → পতেঙ্গা।
অর্থাৎ নগরীর দক্ষিণাঞ্চল থেকে গুরুত্বপূর্ণ বাণিজ্যিক ও আবাসিক এলাকা পেরিয়ে সরাসরি পতেঙ্গা পর্যন্ত নারীরা বিশেষ এই বাসসেবার সুবিধা নিতে পারবেন।
বিআরটিসির পক্ষ থেকে বলা হয়েছে, নারী যাত্রীদের নিরাপদ ও আরামদায়ক যাতায়াত নিশ্চিত করাই এই বিশেষ বাসসেবার মূল উদ্দেশ্য। কর্মজীবী নারী, শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার নারী যাত্রীরা যাতে গণপরিবহনে নিরাপদে চলাচল করতে পারেন, সেদিকেই বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।
বিশেষ করে গণপরিবহনে নারীদের হয়রানি, অতিরিক্ত ভিড় ও নিরাপত্তাহীনতার মতো সমস্যাগুলো কমাতে পৃথক এই বাস সার্ভিস গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
প্রকাশিত ‘মহিলা বাস সার্ভিসের ভাড়ার তালিকা’ অনুযায়ী, যাত্রার দূরত্ব ও গন্তব্যভেদে ভাড়া নির্ধারণ করা হয়েছে। তালিকায় বিভিন্ন স্টপেজের মধ্যে ভাড়া ১০ টাকা থেকে সর্বোচ্চ ৬০ টাকা পর্যন্ত নির্ধারণ করা হয়েছে। যাত্রীরা নিজ নিজ গন্তব্য অনুযায়ী নির্ধারিত ভাড়া দিয়ে সেবা গ্রহণ করতে পারবেন।
বিআরটিসির বিজ্ঞপ্তিতে নির্ধারিত রুটে চলাচলকারী নারী যাত্রীসাধারণকে সংস্থাটির সেবা গ্রহণের জন্য সাদর আমন্ত্রণ জানানো হয়েছে।
চট্টগ্রামের গণপরিবহনে নারীদের জন্য পৃথক এই বাসসেবা চালু হওয়াকে ইতিবাচক উদ্যোগ হিসেবে দেখছেন নগরবাসী। নিয়মিত, নিরাপদ ও সুশৃঙ্খলভাবে সেবাটি পরিচালিত হলে কর্মজীবী ও শিক্ষার্থী নারীদের দৈনন্দিন যাতায়াত আরও সহজ হবে বলে আশা করা হচ্ছে।
‘নিরাপদ পথ চলায় নারী, সমৃদ্ধির দেশ গড়ি’—এই প্রত্যয়কে সামনে রেখে চট্টগ্রামে শুরু হলো বিআরটিসির বিশেষ ‘মহিলা বাস সার্ভিস’।