সাম্প্রতিক সময়ে রাঙ্গুনিয়ার বিভিন্ন এলাকায় একটি প্রতারক চক্র থানার নাম ব্যবহার করে সাধারণ মানুষের কাছ থেকে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ পাওয়া যাচ্ছে। চক্রটি মোবাইল ফোনে যোগাযোগ করে ভুক্তভোগীদের জানায় যে, তাদের নামে থানায় মামলা রয়েছে। পরে মামলার বিষয়টি ‘সমাধান’ করে দেওয়ার আশ্বাস দিয়ে বিকাশ, নগদ কিংবা ব্যাংক হিসাবের মাধ্যমে অর্থ দাবি করা হয়।
জানা গেছে, অনেকেই হঠাৎ এমন ফোনকল পেয়ে আতঙ্কিত হয়ে বিষয়টি যাচাই-বাছাই না করেই প্রতারকদের দেওয়া নম্বরে টাকা পাঠিয়ে দেন। অর্থ লেনদেন সম্পন্ন হওয়ার পর ব্যবহৃত মোবাইল নম্বরটি বন্ধ পাওয়া যায় এবং প্রতারকদের সঙ্গে আর যোগাযোগ করা সম্ভব হয় না। ফলে ভুক্তভোগীরা আর্থিক ক্ষতির পাশাপাশি মানসিকভাবেও বিপর্যস্ত হয়ে পড়ছেন।
সচেতন মহল বলছে, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কখনোই ফোন করে মামলা নিষ্পত্তির নামে অর্থ দাবি করে না। তাই এ ধরনের ফোনকল পেলে আতঙ্কিত না হয়ে প্রথমে সংশ্লিষ্ট থানা বা দায়িত্বশীল কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে তথ্যের সত্যতা যাচাই করা উচিত।
এদিকে, সর্বসাধারণকে যাচাই-বাছাই ছাড়া কোনো ব্যক্তির কাছে অর্থ লেনদেন না করার আহ্বান জানানো হয়েছে। একই সঙ্গে সন্দেহজনক ফোনকল বা প্রতারণার ঘটনা ঘটলে দ্রুত নিকটস্থ থানায় অভিযোগ জানানোর পরামর্শ দেওয়া হয়েছে।
এ বিষয়ে প্রশাসনের প্রতি প্রতারণার সঙ্গে জড়িত চক্রকে দ্রুত শনাক্ত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন সচেতন নাগরিকরা। তাদের মতে, সময়মতো কার্যকর ব্যবস্থা নেওয়া হলে এ ধরনের প্রতারণা অনেকাংশে নিয়ন্ত্রণ করা সম্ভব হবে।