মুক্তমত
মোহাম্মদ আক্কাছ
বিদ্যালয় শুধু পাঠদানের স্থান নয়, এটি শিশুদের বেড়ে ওঠা, সুস্থতা ও সুন্দর ভবিষ্যৎ গড়ার অন্যতম আশ্রয়স্থল। অথচ বিদ্যালয়ের আশপাশের পরিবেশ যদি দূষিত থাকে, দুর্গন্ধ ছড়ায় এবং মশার উপদ্রব বাড়ে, তাহলে শিক্ষার্থীদের স্বাভাবিক শিক্ষাজীবন ব্যাহত হওয়াই স্বাভাবিক। রাঙ্গুনিয়া পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডে অবস্থিত ৩২ নম্বর সৈয়দবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পূর্ব পাশে দীর্ঘদিন ধরে ময়লা-আবর্জনা ফেলার কারণে এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে। প্রতিদিন কোমলমতি শিক্ষার্থীরা যে পরিবেশে পড়াশোনা করে, সেখানে ময়লা-আবর্জনার স্তূপ ও দুর্গন্ধ অত্যন্ত উদ্বেগজনক। এর ফলে শ্রেণিকক্ষে পাঠদান ব্যাহত হচ্ছে। পাশাপাশি মশার উপদ্রব বেড়ে যাওয়ায় ডেঙ্গুসহ মশাবাহিত রোগের ঝুঁকি নিয়েও আমরা উদ্বিগ্ন।
একজন শিক্ষক হিসেবে শিক্ষার্থীদের পাঠদানের পাশাপাশি তাদের সুস্থ ও নিরাপদ পরিবেশ নিশ্চিত করাও আমাদের দায়িত্ব। কিন্তু বিদ্যালয়ের আশপাশ অপরিচ্ছন্ন থাকলে এককভাবে বিদ্যালয় কর্তৃপক্ষের পক্ষে পরিচ্ছন্ন পরিবেশ বজায় রাখা কঠিন হয়ে পড়ে। এ ক্ষেত্রে পৌর কর্তৃপক্ষ, এলাকাবাসী এবং সংশ্লিষ্ট সবার সম্মিলিত উদ্যোগ প্রয়োজন।
আমরা চাই, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত বিদ্যালয়ের পূর্ব পাশের ময়লা-আবর্জনা অপসারণ করে স্থানটি পরিষ্কার-পরিচ্ছন্ন করার ব্যবস্থা নেবে। শুধু একবার পরিষ্কার করলেই হবে না, ভবিষ্যতে যাতে সেখানে কেউ ময়লা ফেলতে না পারে, সে জন্যও কার্যকর ও স্থায়ী ব্যবস্থা গ্রহণ করতে হবে। প্রয়োজনে সতর্কতামূলক সাইনবোর্ড স্থাপন, নিয়মিত তদারকি এবং যত্রতত্র বর্জ্য ফেলা বন্ধে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া যেতে পারে।
পরিচ্ছন্নতা কেবল প্রশাসনের দায়িত্ব নয়, এটি আমাদের সবার সামাজিক দায়িত্ব। যত্রতত্র ময়লা ফেলা থেকে বিরত থাকা, নির্ধারিত স্থানে বর্জ্য ফেলা এবং নিজের আশপাশ পরিষ্কার রাখার অভ্যাস গড়ে তুলতে হবে। বিশেষ করে শিক্ষাপ্রতিষ্ঠানের আশপাশ পরিচ্ছন্ন রাখা অত্যন্ত জরুরি। কারণ, আজকের শিশুরাই আগামী দিনের নাগরিক।
আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি বিনীত আহ্বান জানাচ্ছি, সৈয়দবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পূর্ব পাশের ময়লা-আবর্জনা অপসারণ এবং ভবিষ্যতে সেখানে বর্জ্য ফেলা বন্ধে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ করুন। শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষা, ডেঙ্গুর ঝুঁকি হ্রাস এবং নির্বিঘ্ন পাঠদান নিশ্চিত করতে বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা প্রয়োজন।
শিশুদের জন্য নিরাপদ পরিবেশ নিশ্চিত করা আমাদের সবার দায়িত্ব। আসুন, বিদ্যালয়কে পরিচ্ছন্ন রাখি, স্বাস্থ্যঝুঁকি কমাই এবং আগামী প্রজন্মের জন্য একটি সুন্দর পরিবেশ গড়ে তুলি।
মোহাম্মদ আক্কাছ
প্রধান শিক্ষক
সৈয়দবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়
রাঙ্গুনিয়া, চট্টগ্রাম।