চলমান রাঙ্গুনিয়া প্রতিবেদক:
রাঙ্গুনিয়ায় মীম আক্তার (১৭) নামের এক কিশোরীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২১ অক্টোবর) বিকেলে উপজেলার চন্দ্রঘোনা-কদমতলি ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের বনগ্রাম গণবিদ্যালয়ের সামনে বাসস্টেশন এলাকার একটি ভাড়া বাসা থেকে তার লাশ উদ্ধার করা হয়।
নিহতের স্বজনদের বরাত দিয়ে জানা গেছে, মীম নিজের কক্ষে দরজা বন্ধ করে ছিল। অনেক ডাকাডাকি করেও সাড়া না পেয়ে তাঁরা পুলিশকে খবর দেন। পরে পুলিশ গিয়ে কক্ষ থেকে তার ঝুলন্ত লাশ উদ্ধার করে।
রাঙ্গুনিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জহির উদ্দিন সাংবাদিকদের বলেন, কিশোরীর লাশ উদ্ধার করা হয়েছে। কী কারণে তার মৃত্যু হয়েছে, তা তদন্ত করে দেখা হচ্ছে। তদন্তের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।