বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৮:৫০ পূর্বাহ্ন

সব বুকের ব্যথা হৃদরোগের নয়, জরুরি করণীয় জানলেন আড়াই শতাধিক পল্লী চিকিৎসক

  • প্রকাশিত: শনিবার, ৪ জুলাই, ২০২৬
  • ১৪৭ বার পড়া হয়েছে

সব বুকের ব্যথা হৃদরোগের নয়। তবে বুকে ব্যথা হলে অবহেলা না করে দ্রুত রোগীকে মূল্যায়ন করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে।’ এমন বার্তা তুলে ধরে চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় পল্লী চিকিৎসকদের নিয়ে শনিবার (৪ জুলাই) উপজেলার একটি কমিউনিটি সেন্টারে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। পার্কভিউ হাসপাতালের উদ্যোগে আয়োজিত এ কর্মশালায় রাঙ্গুনিয়া উপজেলার বিভিন্ন এলাকার প্রায় আড়াই শতাধিক পল্লী চিকিৎসক অংশগ্রহণ করেন। কর্মশালায় জরুরি স্বাস্থ্যসেবা, হার্ট অ্যাটাকের প্রাথমিক লক্ষণ শনাক্তকরণ, রোগী ব্যবস্থাপনা এবং আধুনিক চিকিৎসা সরঞ্জামের ব্যবহার বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়।
অ্যাডভান্স ট্রমা লাইফ সাপোর্ট বিষয়ে প্রশিক্ষণ প্রদান করেন পার্কভিউ হাসপাতালের ম্যানেজিং ডিরেক্টর ও অর্থোপেডিক সার্জন ডা. এটিএম রেজাউল করিম। হার্ট অ্যাটাক রোগীর প্রাথমিক করণীয় ও জরুরি ব্যবস্থাপনা বিষয়ে প্রশিক্ষণ দেন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের হৃদরোগ ও মেডিসিন বিশেষজ্ঞ ডা. মো. শওকত হোসেন। এছাড়া প্রশিক্ষণে অংশ নেন পার্কভিউ হাসপাতালের ক্লিনিক্যাল ফিজিওথেরাপিস্ট ও ইনচার্জ মো. ফরহাদ হাসান এবং সিনিয়র স্টাফ নার্স ওয়াইসিং মারমা ও অনিক সিকদার।
প্রশিক্ষণের অংশ হিসেবে অংশগ্রহণকারী পল্লী চিকিৎসকদের বিভিন্ন আধুনিক মেডিকেল ডিভাইসের সঠিক ব্যবহার সম্পর্কেও হাতে-কলমে ধারণা দেওয়া হয়।
পার্কভিউ হাসপাতালের মার্কেটিং অ্যান্ড ব্র্যান্ড বিভাগের ম্যানেজার মো. জাহেদুর ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি ছিলেন রাঙ্গুনিয়া পল্লী চিকিৎসক সমিতির সভাপতি মজিবুল হক মানিক।
বক্তারা বলেন, প্রান্তিক জনগোষ্ঠীর কাছে প্রাথমিক স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে পল্লী চিকিৎসকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। নিয়মিত প্রশিক্ষণের মাধ্যমে তাদের দক্ষতা বৃদ্ধি পেলে রোগীরা আরও দ্রুত, নিরাপদ ও কার্যকর চিকিৎসাসেবা পাবেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews