রাঙ্গুনিয়া উপজেলার মরিয়মনগর ইউনিয়নের পূর্ব সৈয়দবাড়ি এলাকায় নিজ বাড়ি থেকে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় রাঙ্গুনিয়া থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।
শুক্রবার (২৬ জুন) দুপুরে পূর্ব সৈয়দবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মো. বাবর (২৮) ওই এলাকার মনোয়ারের ছেলে। তিনি সংযুক্ত আরব আমিরাতে কর্মরত ছিলেন। সম্প্রতি ছুটিতে দেশে আসেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরে পরিবারের সদস্যরা ঘরের ভেতরে বাবরকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে খবর পেয়ে রাঙ্গুনিয়া থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
স্বজনদের দাবি, বাবর কিছুদিন ধরে পারিবারিক কলহের কারণে মানসিকভাবে অস্থির ছিলেন। তাঁদের ধারণা, পারিবারিক কলহের জেরে তিনি আত্মহত্যা করে থাকতে পারেন। তবে এ বিষয়ে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।
রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহির উদ্দিন বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।