আব্বাস হোসাইন আফতাব :
শিক্ষকতা শুধু একটি পেশা নয়, এটি মানুষ গড়ার এক মহৎ দায়িত্ব। দীর্ঘ কর্মজীবনে শ্রেণিকক্ষে পাঠদানের পাশাপাশি সহকর্মীদের সঙ্গে গড়ে ওঠে আন্তরিক সম্পর্ক, তৈরি হয় অসংখ্য স্মৃতি। সেই কর্মময় জীবনের একটি অধ্যায়ের সমাপ্তিতে সহকর্মীদের ভালোবাসা ও শ্রদ্ধায় সিক্ত হলেন রাঙ্গুনিয়া সরকারি কলেজের হিসাববিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ মোকতার হোসেন।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকালে কলেজের শিক্ষক মিলনায়তনে তাঁর অবসরজনিত শেষ কর্মদিবস উপলক্ষে সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সহকর্মীরা তাঁর কর্মজীবনের নানা দিক তুলে ধরে শুভকামনা জানান।
কলেজের অধ্যক্ষ অধ্যাপক মোহাম্মদ আনিছুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে সংবর্ধিত অতিথি ছিলেন সহকারী অধ্যাপক মোহাম্মদ মোকতার হোসেন। বক্তব্য দেন শিক্ষক পরিষদের যুগ্ম সম্পাদক সাবিত্রী দাশ, কোষাধ্যক্ষ মো. জাহেদুল আলম এবং নির্বাহী সদস্য নাছিমা আক্তার ও মোতাহের হোসাইন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কলেজের সাবেক সহকারী অধ্যাপক আবু মোহাম্মদ নুরুল মোমেন চৌধুরী, সহকারী অধ্যাপক সৈয়দ নাসিম উদ্দীন ও সৈয়দ মেজবাহ উদ্দীন এবং সাবেক প্রভাষক মনোজিত কুমার ধর।
এ ছাড়া বক্তব্য দেন রসায়ন বিভাগের প্রভাষক মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী, ইংরেজি বিভাগের প্রভাষক হোমায়রা রওশন, আইসিটি বিভাগের প্রভাষক বিশ্বজিৎ রায় চৌধুরী, পদার্থবিজ্ঞান বিভাগের প্রভাষক মোহাম্মদ সালাহ উদ্দীন এবং অর্থনীতি বিভাগের প্রভাষক বেগম তাহমিনা ইয়াছমিন নূরসহ অন্য শিক্ষকেরা।
অনুষ্ঠান সঞ্চালনা করেন শিক্ষক পরিষদের সম্পাদক ও ইসলামিক স্টাডিজ বিভাগের বিভাগীয় প্রধান ড. মুহাম্মদ আবদুল মাবুদ। কলেজের অধ্যক্ষ অধ্যাপক মোহাম্মদ আনিছুল হকের সমাপনী বক্তব্যের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়।
কর্মজীবনের নির্ধারিত অধ্যায় শেষ হলেও সহকর্মীদের সঙ্গে গড়ে ওঠা সম্পর্ক, শিক্ষার্থীদের স্মৃতি আর শিক্ষাপ্রতিষ্ঠানের সঙ্গে জড়িয়ে থাকা দিনগুলো একজন শিক্ষকের জীবনে অমূল্য সম্পদ হয়ে থাকে। রাঙ্গুনিয়া সরকারি কলেজের এই সংবর্ধনা ছিল দীর্ঘ কর্মজীবনের সহযাত্রীর প্রতি সহকর্মীদের শ্রদ্ধা ও ভালোবাসা জানানোর একটি উপলক্ষ।