নিজস্ব প্রতিবেদক :
চট্টগ্রাম মেট্রোপলিটন এলাকার ২০২৫ থেকে ২০৫০ সাল পর্যন্ত মাস্টারপ্ল্যান প্রণয়নে স্থানীয় মানুষের সমস্যা, সম্ভাবনা ও উন্নয়ন অগ্রাধিকার জানতে রাঙ্গুনিয়ায় অংশীজনদের নিয়ে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৮ অক্টোবর) সকালে উপজেলা পরিষদ সম্মেলনকক্ষে ‘চট্টগ্রাম মেট্রোপলিটন এলাকার মাস্টারপ্ল্যান প্রণয়ন শীর্ষক এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
কর্মশালায় উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভার ওয়ার্ড থেকে বিভিন্ন পেশার মানুষ অংশ নেন। তাঁদের মধ্যে ছিলেন চাকরিজীবী, শিক্ষার্থী, ব্যবসায়ী, গণমাধ্যমকর্মী, ধর্মীয় প্রতিনিধি ও জনপ্রতিনিধিরা। তাঁরা নিজ নিজ এলাকার বিভিন্ন সমস্যা, উন্নয়নের সম্ভাবনা এবং নাগরিক চাহিদার কথা তুলে ধরেন।
টেকসই, পরিবেশবান্ধব, আধুনিক ও জনবান্ধব মাস্টারপ্ল্যান প্রণয়নের লক্ষ্যে অংশগ্রহণমূলক দ্রুত মূল্যায়ন পদ্ধতিতে (পিআরএ) কর্মশালাটি আয়োজন করা হয়। এর বাস্তবায়ন কার্যক্রম পরিচালনা করছে ইয়ং পাওয়ার ইন সোশ্যাল অ্যাকশন (ইপসা)।
কর্মশালায় চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) শাহিনুল ইসলাম খান ও সাইমুন ইসলাম এবং ইপসার প্রতিনিধি সামিন রহমান ও মিনহাজুল ইসলাম উপস্থিত ছিলেন। এ ছাড়া বিভিন্ন পর্যায়ের অংশীজনেরা কর্মশালায় অংশ নেন।অনুষ্ঠান সঞ্চালনা করেন বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ প্রকল্পের তৃতীয় পর্যায়ের রাঙ্গুনিয়া উপজেলা সমন্বয়কারী ইয়াহিয়া আহমেদ।