রাঙ্গুনিয়ায় শুরু হয়েছে মাসব্যাপি ‘নারী উদ্যোক্তা ও ক্ষুদ্র কুটির শিল্প মেলা’। বাহারি আলোকসজ্জা, বিনোদনমূলক রাইড, দেশীয় খাবার ও হস্তশিল্পের পসরা নিয়ে মেলায় প্রতিদিন ভিড় করছেন বিভিন্ন বয়সী মানুষ।
রাঙ্গুনিয়া পৌরসভার ইছাখালি এলাকার নুর জাহান কমিউনিটি সেন্টার প্রাঙ্গণে এ মেলার আয়োজন করা হয়েছে। বিকেল থেকে দর্শনার্থীদের উপস্থিতিতে মুখর হয়ে ওঠে মেলা প্রাঙ্গণ। সন্ধ্যায় রঙিন আলোকসজ্জা মেলায় বাড়তি আকর্ষণ তৈরি করে।
মেলা ঘুরে দেখা যায়, প্রবেশপথে তৈরি করা হয়েছে নান্দনিক তোরণ। ভেতরে ছাদজুড়ে রঙিন নিয়ন আলোয় তারা ও ফুলের নকশা সাজানো হয়েছে। শিশুদের বিনোদনের জন্য রয়েছে নাগরদোলা, ড্রাগন ট্রেন ও নৌকায় দোল খাওয়ার রাইড। এ ছাড়া তরুণদের জন্য রয়েছে ডিজিটাল বক্সিং গেম।
মেলায় দেশীয় খাবারের পাশাপাশি নারী উদ্যোক্তাদের তৈরি পোশাক, হস্তশিল্প ও ঐতিহ্যবাহী বিভিন্ন পণ্যের পসরা সাজানো হয়েছে। চানাচুর, নিমকি, খাজা, মুরালি, চিপস ও মিষ্টির দোকানগুলোতেও ক্রেতাদের ভিড় দেখা গেছে।
আয়োজক কমিটির অন্যতম সদস্য নারী উদ্যোক্তা জুলিয়াস পাংকোয়া বলেন, মেলাকে কেন্দ্র করে দর্শনার্থীদের উপস্থিতি ও বেচাকেনা আরও বাড়বে। মেলায় শৃঙ্খলা বজায় রাখা এবং নিরাপত্তা নিশ্চিত করতে আয়োজক কমিটির পক্ষ থেকে স্বেচ্ছাসেবক নিয়োগের পাশাপাশি বাড়তি নজরদারি করা হচ্ছে।