রাঙ্গুনিয়ায় সুরমা খাল থেকে অজ্ঞাতপরিচয় এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। রোববার (৪ অক্টোবর) সকালে উপজেলার চন্দ্রঘোনা-কদমতলী ইউনিয়নের চারাবটতল এলাকার একটি সেতুর নিচ থেকে লাশটি উদ্ধার করা হয়।
স্থানীয় বাসিন্দারা জানান, ওই নারী দীর্ঘদিন ধরে মানসিক ভারসাম্যহীন অবস্থায় চন্দ্রঘোনা কদমতলী ইউনিয়ন ও আশপাশের এলাকায় ঘুরে বেড়াতেন। গত দুই থেকে তিন দিন তাঁকে এলাকায় দেখা যায়নি। স্থানীয় লোকজন খালে একটি লাশ ভাসতে দেখে পুলিশকে খবর দেন।
পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে। পরে সুরতহাল প্রতিবেদন তৈরি করে লাশটি থানায় নেওয়া হয়।
রাঙ্গুনিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহির উদ্দিন বলেন, লাশটি ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।