কাপ্তাই হ্রদের পানির উচ্চতা ফের বিপদসীমার কাছাকাছি পৌঁছেছে। এ অবস্থায় উজান ও ভাটি এলাকার পানি ব্যবস্থাপনা এবং বন্যা নিয়ন্ত্রণের লক্ষ্যে আজ শনিবার (২৯ আগস্ট) রাত ১০টায় কাপ্তাই বাঁধের স্পিলওয়ের ১৬টি জলকপাট খুলে পানি নিষ্কাশন শুরু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
কাপ্তাই পানি বিদ্যুৎ কেন্দ্রের ব্যবস্থাপক মাহামুদ হাসান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শনিবার দুপুর ২টা পর্যন্ত কাপ্তাই হ্রদের পানির উচ্চতা ছিল ১০৫ দশমিক ৬৪ ফুট এমএসএল। হ্রদের সর্বোচ্চ পানি ধারণক্ষমতা ১০৯ ফুট এমএসএল। পরিস্থিতি বিবেচনায় রাত ১০টা নাগাদ স্পিলওয়ের ১৬টি গেট ৬ ইঞ্চি পরিমাণ উঁচু করে পানি নিষ্কাশন শুরু করা হতে পারে।
এতে প্রতি সেকেন্ডে প্রায় ৯ হাজার কিউসেক পানি নিষ্কাশিত হবে। তবে বৃষ্টিপাত, হ্রদের পানির উচ্চতা ও পানির প্রবাহের (ইনফ্লো) তারতম্যের ওপর নির্ভর করে গেট খোলার সময় এগিয়ে বা পিছিয়ে নেওয়া হতে পারে।
কর্তৃপক্ষ জানিয়েছে, ইনফ্লো বেশি হলে স্পিলওয়ের গেট পর্যায়ক্রমে আরও বেশি খোলা হবে। বর্তমানে কাপ্তাই হ্রদের পানির উচ্চতা, ইনফ্লো, বৃষ্টিপাতসহ সার্বিক পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে।
এর আগে গত ১৮ জুলাই কাপ্তাই বাঁধের জলকপাট খুলে দেওয়া হয়েছিল। এক মাসের ব্যবধানে ফের হ্রদের পানি বৃদ্ধি পাওয়ায় নতুন করে জলকপাট খোলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এদিকে বর্তমানে কাপ্তাই পানি বিদ্যুৎ কেন্দ্রের পাঁচটি ইউনিটে বিদ্যুৎ উৎপাদন চলছে। এসব ইউনিটের মাধ্যমে প্রায় ৩২ হাজার কিউসেক পানি নিষ্কাশিত হচ্ছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।