বাংলাদেশের টেলিযোগাযোগ খাতে দীর্ঘ ১৬ বছরের পথচলার পর নতুন পরিচয়ে যাত্রা শুরু করেছে মোবাইল অপারেটর ব্র্যান্ড এয়ারটেল। এখন থেকে বাংলাদেশে এয়ারটেলের পরিবর্তে ‘Cirkle (সার্কেল)’ নামে কার্যক্রম পরিচালিত হবে। সোমবার (১৭ আগস্ট) রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে আনুষ্ঠানিকভাবে নতুন ব্র্যান্ডটি উন্মোচন করে রবি আজিয়াটা পিএলসি।
২০১৬ সালে রবি ও এয়ারটেল একীভূত হওয়ার পর এয়ারটেল ব্র্যান্ডটি রবির অধীনেই পরিচালিত হয়ে আসছিল। এবার সেই ব্র্যান্ড পরিচয়ে পরিবর্তন এনে তরুণ ও ডিজিটালনির্ভর প্রজন্মকে লক্ষ্য করে Cirkle চালু করা হয়েছে। নতুন ব্র্যান্ডে বিনোদন, গেমিং, কনটেন্ট তৈরি এবং আধুনিক ডিজিটাল অভিজ্ঞতার ওপর গুরুত্ব দেওয়ার কথা জানিয়েছে রবি।
তবে ব্র্যান্ড পরিবর্তনের কারণে বর্তমান গ্রাহকদের দুশ্চিন্তার কোনো কারণ নেই। রবি জানিয়েছে, এয়ারটেলের বিদ্যমান ০১৬ নম্বর, সিম, প্যাকেজ, ব্যালেন্স ও চালু থাকা সেবায় কোনো পরিবর্তন হবে না। এয়ারটেলের সব গ্রাহক স্বয়ংক্রিয়ভাবেই Cirkle-এর গ্রাহকে পরিণত হবেন।
এছাড়া গ্রাহকদের মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (MFS) অ্যাকাউন্ট, ওয়ালেট, লেনদেন ও ব্যক্তিগত তথ্যও আগের মতোই সচল ও নিরাপদ থাকবে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি। ব্র্যান্ড পরিবর্তনের পুরো প্রক্রিয়ায় গ্রাহকদের সেবা নিরবচ্ছিন্ন রাখার কথাও জানিয়েছে রবি।
রবি আজিয়াটার ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা জিয়াদ সাতারা বলেন, ১৬ বছর ধরে এয়ারটেল বাংলাদেশের তরুণদের সঙ্গে বেড়ে উঠেছে। Cirkle সেই যাত্রারই পরবর্তী ধাপ। নতুন ব্র্যান্ডের মূল প্রতিশ্রুতি হিসেবে রাখা হয়েছে—‘আসল সংযোগ, সবসময় সচল’।
নতুন ব্র্যান্ডের মাধ্যমে ভবিষ্যতে কৃত্রিম বুদ্ধিমত্তা (AI)সহ আধুনিক প্রযুক্তি ও ডিজিটাল সেবা সম্প্রসারণের পরিকল্পনাও রয়েছে। এর লক্ষ্য তরুণদের পরিবর্তিত ডিজিটাল চাহিদার সঙ্গে সামঞ্জস্য রেখে আরও আধুনিক ও অর্থবহ সংযোগ তৈরি করা।
অর্থাৎ, এয়ারটেল গ্রাহকের সিম বা নম্বর বন্ধ হচ্ছে না—শুধু ব্র্যান্ডের পরিচয় বদলে ‘Cirkle’ হচ্ছে।