রাঙ্গুনিয়ার খিলমোগল রসিক উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন মেধাবী ছাত্র ও সাবেক শিক্ষক এবং রাঙ্গামাটি সরকারি উচ্চ বিদ্যালয়ের সাবেক সহকারী প্রধান শিক্ষক বিমল কান্তি সাহা আর নেই। গত শনিবার (১৫ আগস্ট) ভোর ৪টা ১০ মিনিটে বার্ধক্যজনিত কারণে তিনি পরলোকগমন করেন।
তাঁর মৃত্যুতে প্রাক্তন শিক্ষার্থী, সহকর্মী, স্বজন ও শুভানুধ্যায়ীদের মাঝে গভীর শোকের ছায়া নেমে এসেছে। মৃত্যুকালে তিনি পরিবার-পরিজন, আত্মীয়স্বজন, অসংখ্য প্রাক্তন শিক্ষার্থী ও শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন।
প্রয়াত বিমল কান্তি সাহা শ্রী গুরু ব্রজবাসী সংঘ বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির প্রাক্তন সম্মানিত উপদেষ্টা এবং বর্তমান ব্রজবাসী সংঘের সাধারণ সম্পাদক বাবু অভিজিৎ সাহার শ্রদ্ধেয় পিতা।
বিমল কান্তি সাহা রাঙ্গুনিয়া উপজেলার হোসনাবাদ ইউনিয়নের খিলমোগল গ্রামের পূর্ব সাহা পাড়ায় জন্মগ্রহণ করেন। আনুমানিক ১৯৫৬ সালে তিনি রাঙ্গুনিয়ার খিলমোগল রসিক উচ্চ বিদ্যালয় থেকে মেট্রিকুলেশন সম্পন্ন করেন। পরবর্তীতে চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার কানুনগোপাড়ার স্বনামধন্য স্যার আশুতোষ কলেজ থেকে আইএসসি ও বিএসসি ডিগ্রি অর্জন করেন।
শিক্ষাজীবন শেষে তিনি নিজের প্রিয় শিক্ষাপ্রতিষ্ঠান খিলমোগল রসিক উচ্চ বিদ্যালয়ে সহকারী বিজ্ঞান শিক্ষক হিসেবে কর্মজীবন শুরু করেন। সেখানে শিক্ষকতা করার সময় তিনি অত্যন্ত নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে শিক্ষার্থীদের পাঠদান করেন। ১৯৭০ সালের মাঝামাঝি সময়ে তিনি রাঙ্গামাটি সরকারি উচ্চ বিদ্যালয়ে সহকারী বিজ্ঞান শিক্ষক হিসেবে যোগদান করেন। দীর্ঘ কর্মজীবনে দক্ষতা, সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করায় পরবর্তীতে সহকারী প্রধান শিক্ষক পদে পদোন্নতি লাভ করেন। শিক্ষকতা জীবনের দীর্ঘ পথ পাড়ি দিয়ে তিনি অবসর গ্রহণ করেন।
বিমল কান্তি সাহা ছিলেন একজন নিবেদিতপ্রাণ ও মহৎ হৃদয়ের শিক্ষক। শিক্ষকতাকে তিনি শুধু পেশা হিসেবে দেখেননি; বরং মানবসেবা ও মানুষ গড়ার মহান দায়িত্ব হিসেবে গ্রহণ করেছিলেন।
খিলমোগল রসিক উচ্চ বিদ্যালয়ে শিক্ষকতাকালীন সময়ে তিনি শিক্ষার্থীদের নিজের সন্তানের মতো স্নেহ, মায়া-মমতা, আদর ও ভালোবাসা দিয়ে পাঠদান করাতেন। প্রয়োজনে শাসন করে তাদের সঠিক পথে পরিচালিত করতেন।
ধর্ম-বর্ণ নির্বিশেষে অসচ্ছল শিক্ষার্থীদের তিনি বিনা ফিতে প্রাইভেট পড়াতেন। শিক্ষার্থীদের পড়াশোনায় মনোযোগী করতে এবং ভবিষ্যৎ জীবনে প্রতিষ্ঠিত হওয়ার জন্য তিনি নিয়মিত উৎসাহ ও অনুপ্রেরণা দিতেন।
তাঁর স্নেহ, শাসন ও শিক্ষায় গড়ে ওঠা বহু শিক্ষার্থী পরবর্তীতে নিজ নিজ কর্মক্ষেত্রে প্রতিষ্ঠিত হয়েছেন। এ কারণে সাবেক শিক্ষার্থীদের কাছে তিনি শুধু শিক্ষকই ছিলেন না, ছিলেন একজন অভিভাবক, পথপ্রদর্শক ও অনুপ্রেরণার প্রতীক।
চাকরির সুবাদে বিমল কান্তি সাহা দীর্ঘদিন রাঙ্গামাটি শহরের তবলছড়ি এলাকায় বসবাস করেন। সেখানে শিক্ষকতা জীবনের দীর্ঘ সময় কাটানোর পাশাপাশি শিক্ষার্থীদের মাঝে জ্ঞান ও মানবিক মূল্যবোধ ছড়িয়ে দেন।
অবসর গ্রহণের পর তিনি চট্টগ্রাম শহরে তাঁর জ্যেষ্ঠ সন্তান বাবু অভিজিৎ সাহা, সমাজকল্যাণ কর্মকর্তা, তাঁর বাসভবনে বসবাস করছিলেন।
বিমল কান্তি সাহার প্রয়াণে তাঁর প্রাক্তন শিক্ষার্থী, সহকর্মী, আত্মীয়স্বজন ও শুভানুধ্যায়ীদের মাঝে গভীর শোক বিরাজ করছে। একজন আদর্শ শিক্ষক ও মানুষ গড়ার কারিগর হিসেবে তাঁর অবদান দীর্ঘদিন স্মরণীয় হয়ে থাকবে।
তাঁর মৃত্যুতে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয়েছে। একই সঙ্গে তাঁর বিদেহী আত্মার শান্তি ও সদগতি কামনা করা হয়েছে।