নিজস্ব প্রতিবেদক, রাঙ্গুনিয়া :
রাঙ্গুনিয়ায় ইমামে আ’লা হযরত সুন্নী পরিষদের উদ্যোগে ১০ম তাজেদারে মদিনা সুন্নী কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২০ অক্টোবর) রাতে উপজেলার মরিয়মনগর এলাকার পূর্ব সৈয়দ বাড়ী আবাসিক এলাকার জামে মসজিদ প্রাঙ্গণে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) ও ফাতেহা-ই-ইয়াজদাহুম উদযাপন উপলক্ষে এ আয়োজন করা হয়।
কনফারেন্সে ধর্মীয় আলোচনায় যিন নূরাইন ওয়ালিয়া সুন্নিয়া ট্রাস্টের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মাওলানা মুহাম্মদ ওয়ালী উল্লাহ আশেকী আল-কাদেরী বলেন, ভারতে অনেক জায়গায় আজান দিতে দেওয়া হয় না। ধর্মীয় স্বাধীনতা ও ইসলামের বিভিন্ন বিষয় নিয়ে তিনি আলোচনা করেন।
অনুষ্ঠানে উদ্বোধনী বক্তব্য দেন সংগঠনের প্রধান উপদেষ্টা জাহাঙ্গীর আলম মেম্বার। সংগঠনের সভাপতি মোহাম্মদ সোহেল রানা ও সাধারণ সম্পাদক তানভীর রানা নঈমীর সঞ্চালনায় এতে বক্তব্য দেন ধর্মীয় গবেষক ও স্থানীয় আলেমরা।
কনফারেন্সে প্রধান মেহমান ছিলেন রাঙ্গুনিয়া রাহাতিয়া দরবার শরীফের সাজ্জাদানশীন এবং আনজুমানে এহইয়ায়ে সুন্নাহ বাংলাদেশ কেন্দ্রীয় পরিষদের চেয়ারম্যান সৈয়দ মুহাম্মদ ওবায়দুল মোস্তফা নঈমী আশরাফী নকশবন্দি। এ ছাড়া ধর্মীয় আলোচনা করেন কাদেরিয়া শাহ আমিনিয়া মডেল মাদ্রাসার শিক্ষক মাওলানা সৈয়দ মুহাম্মদ মাসউদ-উর-রহমান কাদেরী।
ভালুকিয়া তৈয়্যবিয়া সুন্নিয়া দাখিল মাদ্রাসার সুপার মাওলানা মুহাম্মদ মহিউদ্দীন নেছারীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ ওয়ায়েজীন ছিলেন পূর্ব সৈয়দ বাড়ী জামে মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা আনোয়ার হোসেন।
অনুষ্ঠান পরিচালনা ও সার্বিক সহযোগিতায় ছিলেন সংগঠনের পৃষ্ঠপোষক সাইদুল ইসলাম শাহেদ আলম আশরাফী এবং উপদেষ্টা ইমাম উদ্দিন বাদশা, মো. মামুন, মো. ইয়াছিন, মো. সাব্বির, মো. বাবর ও মো. আরমান। এ ছাড়া প্রবাসী শাখার সমন্বয়ক রাহাতুল মোস্তফা সুমন, সাজ্জাদ হোসাইন সুমন, মোজ্জামেল হোসাইন, রিফাতসহ স্থানীয় বাসিন্দারা সহযোগিতা করেন।
অনুষ্ঠান শেষে মিলাদ ও কিয়াম অনুষ্ঠিত হয়। পরে বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।