আব্বাস হোসাইন আফতাব :
শারদীয় দুর্গোৎসব মানেই সুর, আনন্দ আর উৎসবের অমলিন আবাহন। এই উৎসবের রঙে নতুন সুরের ছোঁয়া দিতে তরুণ কণ্ঠশিল্পী সমৃদ্ধি হালদার স্নেহা নিয়ে এসেছেন তাঁর নতুন গান ‘মা সাজে নতুন সাজে’। গানটি ইতিমধ্যেই সংগীতপ্রেমীদের মাঝে সাড়া ফেলেছে।
চট্টগ্রাম থেকে প্রকাশিত এই গানটির বিশেষত্ব হলো, এতে কণ্ঠ দেওয়ার পাশাপাশি এর কথা ও সুর দুটোই তৈরি করেছেন স্নেহা নিজে। গানটির সংগীত পরিচালনা ও প্রকাশনার দায়িত্বে ছিলেন তরুণ সংগীত পরিচালক দুর্জয় দাস সূর্য ও তাঁর পরিচালিত স্টুডিও ‘স্টুডিও নোটস’।
‘টিম স্নেহা’ (Team Sneha) গ্রুপের লিড ভোকালিস্ট স্নেহা বর্তমানে সিএমপি স্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেণির শিক্ষার্থী। পড়াশোনার ফাঁকে বিভিন্ন স্টেজ প্রোগ্রাম ও সাংস্কৃতিক অনুষ্ঠানে গানে গানে শ্রোতাদের মন জয় করছেন তিনি। তবে দুর্গোৎসবের এই বিশেষ আয়োজনে নিজের কথা ও সুরে গান পরিবেশন তাঁর সংগীতজীবনের এক নতুন দিগন্ত উন্মোচন করল।
সংগীতের জগতে স্নেহার হাতেখড়ি শৈশবেই তাঁর দাদু ও প্রথম সংগীতগুরু সলীল মুস্তাফীর হাত ধরে। আর এই সুরের পথচলায় তাঁর সবচেয়ে বড় শক্তি পরিবার। স্নেহার বাবা সুজন হালদার বর্তমানে চট্টগ্রাম জেলার সন্দ্বীপ থানার অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে কর্মরত, আর মা সঙ্গীতা মুস্তাফী একজন গৃহিণী। বাবা-মায়ের অকৃত্রিম ভালোবাসা ও প্রেষণাকে পাথেয় করেই স্নেহা সামনের দিকে এগিয়ে চলছেন।
শারদীয় দুর্গাপূজা সম্প্রীতি, ভক্তি আর আনন্দের এই মহা-আয়োজনে স্নেহার ‘মা সাজে নতুন সাজে’ গানটি নতুন এক সাংস্কৃতিক মাত্রা যোগ করেছে বলে মনে করছেন তাঁর শুভাকাঙ্ক্ষী ও সংগীতবোদ্ধারা। স্নেহার সৃজনশীলতা ও মিষ্টি সুবাসিত কণ্ঠ আগামী দিনে সংগীতাঙ্গনে তাঁকে অনেক দূর নিয়ে যাবে, এমনটাই প্রত্যাশা সবার।