নিজস্ব প্রতিবেদক :
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বাবার প্রতি ভালোবাসা, শ্রদ্ধা ও কৃতজ্ঞতা প্রকাশের ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে সামাজিক সংগঠন মা-ভবানী একতা সংঘ। ‘খোলা চিঠি’ শিরোনামের এ আয়োজনে বাবাকে নিয়ে মনের অব্যক্ত অনুভূতি চিঠির মাধ্যমে প্রকাশের আহ্বান জানিয়েছে সংগঠনটি।
বাবা ও সন্তানের ভালোবাসার বন্ধন আরও গভীর করা এবং ব্যস্ততার কারণে বলা হয়ে না ওঠা কথাগুলো প্রকাশের সুযোগ তৈরি করাই এ উদ্যোগের মূল লক্ষ্য। এতে বাবার প্রতি ভালোবাসা, শ্রদ্ধা, কৃতজ্ঞতা, স্মৃতি ও আবেগের কথা তুলে ধরতে পারবেন আগ্রহী লেখকেরা।
আয়োজকদের মতে, ‘খোলা চিঠি’ শুধু একটি আয়োজন নয়, বাবার প্রতি সন্তানের ভালোবাসা প্রকাশের বিশেষ উপলক্ষ। একটি চিঠি ফিরিয়ে আনতে পারে জীবনের মধুর স্মৃতি, ছুঁয়ে যেতে পারে হৃদয় এবং তৈরি করতে পারে ভালোবাসার অবিস্মরণীয় মুহূর্ত।
দুর্গাপূজার আনন্দঘন সময়ে এ উদ্যোগের মাধ্যমে পারিবারিক বন্ধন দৃঢ় করা এবং ভালোবাসার বার্তা ছড়িয়ে দিতে চান আয়োজকেরা। এ জন্য তাঁরা আগ্রহীদের অংশগ্রহণের পাশাপাশি বন্ধু ও পরিচিতজনদেরও আয়োজনে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানিয়েছেন।
স্বনির্ভর রাঙ্গুনিয়া ইউনিয়নের দক্ষিণ সাবেক এলাকায় অবস্থিত মা-ভবানী একতা সংঘ এ আয়োজন করেছে। এতে গণমাধ্যম সহযোগী হিসেবে রয়েছে পাক্ষিক চলমান রাঙ্গুনিয়া। আয়োজনে সেরা তিনটি চিঠির লেখককে পুরস্কৃত করা হবে। পাশাপাশি সেরা চিঠিটি পত্রিকায় প্রকাশ করা হবে।