মাতৃমৃত্যু ও শিশুমৃত্যু কমানো এবং নিরাপদ প্রসব নিশ্চিত করতে রাঙ্গুনিয়ায় ধাত্রীদের (টিবিএ) দুই দিনব্যাপী প্রশিক্ষণ দেওয়া হয়েছে।
কারিতাস বাংলাদেশ চট্টগ্রাম অঞ্চলের সিএমএলআরপি-২ প্রকল্পের উদ্যোগে ১২ ও ১৩ অক্টোবর এ প্রশিক্ষণের আয়োজন করা হয়।
প্রশিক্ষণে প্রধান অতিথি ছিলেন কারিতাস চট্টগ্রাম অঞ্চলের কর্মসূচি কর্মকর্তা মো. এমদাদুল ইসলাম। উপস্থিত ছিলেন কারিতাস রাঙ্গুনিয়ার মাঠ কর্মকর্তা গৌরী ভট্টাচার্য্য। প্রশিক্ষণ পরিচালনা করেন চিকিৎসক কুলসুমা পারভীন ও মিডওয়াইফ প্রশিক্ষক সিস্টার বন্দনা পেরেরা।
প্রশিক্ষণে গর্ভকালীন, প্রসবকালীন ও প্রসব-পরবর্তী সময়ে মা ও শিশুর যত্ন, নিরাপদ প্রসবের নিয়ম, সংক্রমণ প্রতিরোধ এবং প্রসবজনিত জটিলতা শনাক্ত করার বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়। এ ছাড়া জটিলতা দেখা দিলে দ্রুত গর্ভবতী নারীকে হাসপাতালে পাঠানো এবং পুষ্টি, পরিচ্ছন্নতা ও স্বাস্থ্যসেবা বিষয়ে সচেতনতা বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হয়।
আয়োজকেরা জানান, মাঠপর্যায়ে কর্মরত ঐতিহ্যবাহী ধাত্রীদের দক্ষতা বাড়ানোর মাধ্যমে নিরাপদ প্রসব নিশ্চিত করা এবং মা ও নবজাতকের স্বাস্থ্যঝুঁকি কমানো এ প্রশিক্ষণের মূল লক্ষ্য।