বেতাগী প্রতিনিধি
রাউজানে প্রকাশ্যে গুলি করে হত্যা করা রাঙ্গুনিয়া উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাকসুদুল হক চৌধুরী মাসুদের হত্যাকারীদের পাশাপাশি নেপথ্যের ইন্ধনদাতাদেরও গ্রেপ্তার ও সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন পরিবারের সদস্য ও স্থানীয় বাসিন্দারা।
মঙ্গলবার (১৩ অক্টোবর) সকালে উপজেলা সদরের ইছাখালি এলাকায় বেতাগী ইউনিয়নের সর্বস্তরের জনসাধারণের ব্যানারে এ কর্মসূচি পালিত হয়।
প্রতিবাদ সভায় মাসুদের স্ত্রী জাহানারা খানম চৌধুরী বলেন, ‘আমার অবুঝ সন্তান আজ পিতাহারা। প্রধান আসামিরা গ্রেপ্তার হলেও মূল ইন্ধনদাতারা এখনো অধরা।’ হত্যাকাণ্ডের নেপথ্যে থাকা ব্যক্তিদের বিচারের আওতায় আনতে তিনি স্থানীয় সংসদ সদস্য হুমাম কাদের চৌধুরীর হস্তক্ষেপ কামনা করেন। একই সঙ্গে জড়িত ব্যক্তিদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের দাবি জানান তিনি।
বেতাগী ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি হোসাইন মিনারের সঞ্চালনায় সভায় বক্তব্য দেন নিহত মাসুদের বড় ভাই ও সাবেক ইউপি চেয়ারম্যান পেয়ারুল হক চৌধুরী, নিজামুল হক চৌধুরী ও জাহেদ চৌধুরী।
বক্তারা বলেন, মাসুদ চৌধুরী দীর্ঘ ১৭ বছর ধরে রাঙ্গুনিয়ায় বিএনপির রাজনীতিতে সক্রিয় ছিলেন। তাঁকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে বলে দাবি করেন তাঁরা। হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারী ও অর্থদাতাদের শনাক্ত করে গ্রেপ্তার এবং দ্রুত বিচার নিশ্চিত করার দাবি জানান বক্তারা।
মানববন্ধনে চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের জ্যেষ্ঠ সহসভাপতি ইউছুপ চৌধুরী, রাঙ্গুনিয়া উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাজী ইলিয়াস সিকদার, পৌরসভা বিএনপির যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর কবির খোকনসহ বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও শ্রমিক দলের নেতারা বক্তব্য দেন। এ ছাড়া বেতাগী ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের জনপ্রতিনিধি, রাজনৈতিক কর্মী ও স্থানীয় বাসিন্দারা কর্মসূচিতে অংশ নেন।
উল্লেখ্য, গত ১৩ জুন দুপুরে রাউজানের পাহাড়তলী চৌমুহনী বাজারে প্রকাশ্যে গুলি করে হত্যা করা হয় মাসুদ চৌধুরীকে। এ ঘটনায় তাঁর ভাই বাদী হয়ে মামলা করেন। পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অধিকাংশ আসামিকে গ্রেপ্তার করে বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে।