শারদীয় দুর্গাপূজা আনন্দমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে উদযাপনের লক্ষ্যে রাঙ্গুনিয়া উপজেলা ও ইউনিয়ন পূজা উদযাপন পরিষদের নেতাদের সঙ্গে মতবিনিময় সভা করেছে রাঙ্গুনিয়া মডেল থানা পুলিশ। রোববার (১১ অক্টোবর) বিকেলে থানা সদরের একটি কমিউনিটি সেন্টারে এ সভার আয়োজন করা হয়।
রাঙ্গুনিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জহির উদ্দিনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য দেন রাঙ্গুনিয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) বেলায়েত হোসেন।
বক্তব্য দেন রাঙ্গুনিয়া মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সেফায়েত হোসেন, উপজেলা পূজা উদযাপন পরিষদের আহ্বায়ক অজয় কুমার চক্রবর্তী, সদস্য সচিব লিটন দে, রাঙ্গুনিয়া প্রেস ক্লাবের সভাপতি মোহাম্মদ ইলিয়াছ তালুকদার ও সাধারণ সম্পাদক নুরুল আবছার চৌধুরী, পূজা উদযাপন পরিষদ নেতা অমলেন্দু ধর ও সমীর চক্রবর্তী সাগরসহ অন্যান্য নেতৃবৃন্দ। অনুষ্ঠান সঞ্চালনা করেন রাঙ্গুনিয়া মডেল থানার উপপরিদর্শক (এসআই) গোলাম মোস্তফা।
সভায় নির্বিঘ্নে পূজা উদযাপনে সার্বিক নিরাপত্তা নিশ্চিতে আইনশৃঙ্খলা রক্ষা, পর্যাপ্ত ভলান্টিয়ার (স্বেচ্ছাসেবক) নিয়োগ, প্রতিটি মণ্ডপে বাধ্যতামূলক সিসিটিভি ক্যামেরা স্থাপন, সুনির্দিষ্ট পার্কিং ব্যবস্থা এবং নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিতকরণসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ ও জোরালো তাগিদ দেওয়া হয়।