নিজস্ব প্রতিবেদক :
রাঙ্গুনিয়া উপজেলাকে পিপিআর (Peste des Petits Ruminants) রোগমুক্ত করার লক্ষ্যে ছাগল ও ভেড়াকে বিনামূল্যে টিকা দেওয়া হচ্ছে।
রোববার (১১ অক্টোবর) সকাল ৮টা থেকে বিকেল ৩টা পর্যন্ত উপজেলা প্রাণিসম্পদ দপ্তর প্রাঙ্গণে দিনব্যাপী এ টিকাদান কর্মসূচি পরিচালনা করা হচ্ছে পাশাপাশি আগামী ১৮ অক্টোবর পর্যন্ত উপজেলার প্রতিটি ইউনিয়নে পর্যায়ক্রমে এই টিকা দেওয়া হবে বলে নিশ্চিত করেছে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর।
এ বিষয়ে জানতে চাইলে উপসহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা দ্বীন মোহাম্মদ বলেন, “পিপিআর ছাগল ও ভেড়ার একটি মারাত্মক ভাইরাসজনিত সংক্রামক রোগ। এ রোগ থেকে গবাদিপশুকে সুরক্ষিত রাখতে এবং পশুপালনে খামারিদের আর্থিক ক্ষতি এড়াতে আমরা উপজেলাজুড়ে ব্যাপকভাবে টিকাদান কার্যক্রম শুরু করেছি।”
তিনি আরও জানান, উপজেলার প্রতিটি ইউনিয়নে দল গঠন করে নির্ধারিত কেন্দ্রে ও প্রান্তিক পর্যায়ে এই টিকা দেওয়ার ব্যবস্থা নেওয়া হয়েছে। খামারিদের নিজ নিজ পশুকে দ্রুত সময়ের মধ্যে স্থানীয় টিকাদান কেন্দ্রে নিয়ে যাওয়ার পরামর্শ দেওয়ার পাশাপাশি প্রতিবেশীদের এ বার্তাটি পৌঁছে দিয়ে সহযোগিতা করার আহ্বান জানান তিনি।