রাঙ্গুনিয়ায় বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থা রাঙ্গুনিয়া পৌরসভা শাখার ৭ম কার্যকরী পরিষদ গঠন-পূর্ব আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১০ অক্টোবর) বিকেলে রাঙ্গুনিয়া থানা সংলগ্ন একটি কমিউনিটি সেন্টারে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তারা পৌর নাগরিকদের ওপর আরোপিত বর্ধিত পৌরকর অবিলম্বে প্রত্যাহারের দাবি জানান। পাশাপাশি সাধারণ মানুষের মৌলিক অধিকার রক্ষায় সরকারি দপ্তরগুলোর জনস্বার্থমূলক তথ্যের ব্যাপক প্রচার-প্রচারণার তাগিদ দেন মানবাধিকার নেতারা।
মেয়াদোত্তীর্ণ কার্যকরী পরিষদের সভাপতি মোহাম্মদ নূরুল ইসলামের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন মানবাধিকার রাঙ্গুনিয়া উপজেলা মডেল শাখার সভাপতি মাওলানা মুহাম্মদ জহুরুল আনোয়ার। বিশেষ অতিথি ছিলেন সাধারণ সম্পাদক নূরুল ইসলাম আজাদ এবং প্রধান আলোচক ছিলেন মানবাধিকার নির্বাচন কমিশন সমন্বয়ক ও আজীবন সদস্য প্রকৌশলী তোফাজ্জল আহমদ।
মেয়াদোত্তীর্ণ পরিষদের সাধারণ সম্পাদক মোহাম্মদ ফজলে এহসান শামীমের সঞ্চালনায় সভায় বক্তব্য দেন মোহাম্মদ নূরুল আমিন তালুকদার, মোহাম্মদ মহিন উদ্দিন, মাওলানা মুহাম্মদ আলমগীর, মোহাম্মদ খাইরুল আলম, মোহাম্মদ ইউনুস মিয়া, মাস্টার মাহমুদুর রহমান, মৌলভী আবুল কালাম চৌধুরী, ডা. সুভাষ চন্দ্র সেন, মাস্টার সুনীল কান্তি শীল, শওকত আকবর, সাংবাদিক আব্বাস হোসাইন আফতাব ও মোহাম্মদ আলতাফ প্রমুখ।
সভায় বক্তারা বলেন, এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে কিশোর গ্যাংয়ের তৎপরতা ও মাদকসেবীদের দমনে প্রশাসনের কঠোর ভূমিকা জরুরি। একই সঙ্গে উপজেলা প্রশাসনের আইনশৃঙ্খলা কমিটির সভায় নেওয়া সিদ্ধান্তের আলোকে অনিয়ম-দুর্নীতির প্রতিকার ও উন্নয়ন কাজের খবর গণমাধ্যমে নিয়মিত প্রকাশ করা প্রয়োজন।
আলোচনা শেষে আজীবন সদস্যদের নিয়ে প্রস্তাবিত কার্যকরী পরিষদ, মৌলিক অধিকার বিষয়ক ৫টি উপ-কমিটি, আইনজীবী সদস্যদের নিয়ে ‘হিউম্যান রাইটস লিগ্যাল এইড বোর্ড’, ‘জুরি অ্যান্ড আরবিট্রেশন বোর্ড’ এবং স্থানীয় সাংবাদিকদের নিয়ে ‘হিউম্যান রাইটস ওয়াচ অ্যান্ড অবজারভার সাব-কমিটি’ চূড়ান্ত করা হয়। এসব প্রস্তাবিত কমিটি পৌরসভা নির্বাচন সমন্বয়ক প্রকৌশলী তোফাজ্জল আহমদের কাছে হস্তান্তর করা হয়।