রাঙ্গুনিয়া পৌর এলাকার নুরুল উলুম সরকারি প্রাথমিক বিদ্যালয় ও নুরুল উলুম কামিল মাদ্রাসা সংলগ্ন এলাকায় ময়লা-আবর্জনা জমে থাকার বিষয়ে চলমান রাঙ্গুনিয়া পত্রিকার অনলাইনে সংবাদ প্রকাশের পর পরিষ্কার করা হয়েছে ময়লার স্তূপ। শনিবার (১০ অক্টোবর) পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নাজমুল হাসানের নির্দেশে এ পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালিত হয়।
একই সঙ্গে আশপাশের ডাস্টবিন পরিষ্কার এবং মশক নিধন কার্যক্রমও চালানো হয়।
এর আগে ‘বিদ্যালয়-মাদ্রাসার পাশে উন্মুক্ত ডাস্টবিন, দুর্ভোগ’ শিরোনামে চলমান রাঙ্গুনিয়ায় সংবাদ প্রকাশিত হয়। শিক্ষাপ্রতিষ্ঠানের পাশে ময়লা-আবর্জনা জমে থাকায় দুর্গন্ধ ছড়ানোর পাশাপাশি পরিবেশ দূষিত হচ্ছিল। এতে শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও স্থানীয় বাসিন্দাদের দুর্ভোগ পোহাতে হচ্ছিল।
স্থানীয় বাসিন্দারা জানান, ময়লার স্তূপ পরিষ্কার করায় আপাতত স্বস্তি ফিরেছে। তবে ভবিষ্যতে যাতে আবারও সেখানে ময়লা জমে না থাকে, সে জন্য নিয়মিত বর্জ্য অপসারণ ও পরিচ্ছন্নতা কার্যক্রম অব্যাহত রাখা প্রয়োজন।
শিক্ষাপ্রতিষ্ঠানের পরিবেশ পরিচ্ছন্ন রাখা এবং মশার বংশবিস্তার রোধে এ ধরনের কার্যক্রম নিয়মিত পরিচালনার দাবি জানিয়েছেন স্থানীয়রা।