প্রিয় শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতি ভালোবাসা থেকে রাঙ্গুনিয়া আদর্শ বহুমুখী পাইলট উচ্চ বিদ্যালয়ে আধুনিক সুপেয় পানির প্ল্যান্ট স্থাপন করেছেন ১৯৯৭ ব্যাচের প্রাক্তন শিক্ষার্থীরা। প্রায় আড়াই লাখ টাকা ব্যয়ে স্থাপিত এ প্ল্যান্টের মাধ্যমে বিদ্যালয়ের বর্তমান শিক্ষার্থীদের সুপেয় পানির চাহিদা পূরণে সহায়তা হবে।
শুক্রবার (৯ অক্টোবর) সকালে বিদ্যালয় প্রাঙ্গণে ফিতা কেটে প্ল্যান্টটির উদ্বোধন করেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নাজমুল হাসান।
এ সময় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক এম মিজানুর রহমান, বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য ও সাংবাদিক আব্বাস হোসাইন আফতাব, ১৯৯৭ ব্যাচের প্রাক্তন শিক্ষার্থী এবং বিদ্যালয়ের অন্যান্য শিক্ষকবৃন্দ।
উদ্বোধনী অনুষ্ঠানে ইউএনও মো. নাজমুল হাসান বলেন, প্রিয় শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতি প্রাক্তন শিক্ষার্থীদের এমন উদ্যোগ প্রশংসনীয়। রাঙ্গুনিয়ার অন্যান্য বিদ্যালয়ের উন্নয়নেও প্রাক্তন শিক্ষার্থীরা এগিয়ে আসবেন বলে তিনি আশা প্রকাশ করেন।
বিদ্যালয়ের বর্তমান শিক্ষার্থীদের সুপেয় পানির সুবিধা নিশ্চিত করার পাশাপাশি এ উদ্যোগ অন্য প্রাক্তন শিক্ষার্থীদেরও নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠানের কল্যাণে কাজ করতে অনুপ্রাণিত করবে বলে মনে করছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।
এদিকে ১৯৯৭ ব্যাচের উদ্যোগে শনিবার (১০ অক্টোবর)বিদ্যালয় প্রাঙ্গণে বর্ণাঢ্য পুনর্মিলনী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।