রাঙ্গুনিয়া পৌরসভায় বাড়ি ও স্থাপনার পৌর কর পুনর্মূল্যায়ন কার্যক্রম আপাতত স্থগিত রাখা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন পৌরসভার কর নির্ধারক মোহাম্মদ নিজাম উদ্দিন।
মোহাম্মদ নিজাম উদ্দিন বলেন, ‘অফিসের সিদ্ধান্ত অনুযায়ী কর পুনর্মূল্যায়ন আপাতত স্থগিত রাখা হয়েছে।’
পৌর সচিব আল হেলাল বলেন, ‘কর পুনর্মূল্যায়নের বিষয়টি আপাতত স্থগিত রয়েছে। পরবর্তী সিদ্ধান্ত অনুযায়ী এ বিষয়ে কার্যক্রম নেওয়া হবে।’
সম্প্রতি পৌরসভায় নতুন করে কর নির্ধারণ নিয়ে পৌরবাসীর মধ্যে অসন্তোষ দেখা দেয়। এর প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি পালন করেন তাঁরা। কর্মসূচি থেকে নতুন করে নির্ধারিত কর পুনর্বিবেচনা এবং নাগরিকদের ওপর অতিরিক্ত করের বোঝা না চাপানোর দাবি জানানো হয়।
পৌরবাসীর অভিযোগ, অনেক বাড়ি ও স্থাপনার কর আগের তুলনায় বেড়েছে। এতে নিম্ন ও মধ্যবিত্ত শ্রেণির বাড়ির মালিকদের ওপর বাড়তি আর্থিক চাপ তৈরি হয়েছে। কর নির্ধারণের ক্ষেত্রে স্থাপনার প্রকৃত অবস্থা ও নাগরিকদের সামর্থ্য বিবেচনায় নেওয়ার দাবি জানান তাঁরা।
কর পুনর্মূল্যায়ন আপাতত স্থগিতের খবরে পৌরবাসীর মধ্যে স্বস্তি দেখা দিয়েছে। তবে ভবিষ্যতে পুনর্মূল্যায়নের উদ্যোগ নেওয়া হলে নাগরিকদের মতামত ও আপত্তি বিবেচনায় নিয়ে যৌক্তিকভাবে কর নির্ধারণের দাবি জানিয়েছেন তাঁরা।