এম. মোরশেদ আলম :
স্কাউটিংয়ের মাঠে কাজ করতে করতে একসময় নিজেই হয়ে উঠেছেন অন্যদের শেখানোর মানুষ। শিশু-কিশোরদের নিয়ে কাজ, ইউনিট লিডারদের প্রশিক্ষণ, নতুন স্কাউট গ্রুপ গড়ে তোলা, এসবের মধ্য দিয়ে দীর্ঘদিন ধরে রাঙ্গুনিয়ার স্কাউটিং অঙ্গনে সক্রিয় লিটন বড়ুয়া। এবার তাঁর সেই পথচলায় যুক্ত হলো নতুন দায়িত্ব। বাংলাদেশ স্কাউটসের সহকারী লিডার ট্রেনার (এএলটি) হিসেবে মনোনীত হয়েছেন তিনি।
বাংলাদেশ স্কাউটসের জাতীয় সদর দপ্তর থেকে সম্প্রতি প্রকাশিত বিজ্ঞপ্তিতে তাঁর মনোনয়নের বিষয়টি জানানো হয়েছে। খবরটি ছড়িয়ে পড়ার পর রাঙ্গুনিয়া উপজেলা স্কাউটসের সদস্যদের মধ্যে আনন্দের সৃষ্টি হয়েছে। অভিনন্দন জানিয়েছেন চট্টগ্রাম জেলা স্কাউটসের নেতারাও। লিটন বড়ুয়ার স্কাউটিংয়ের সঙ্গে সম্পৃক্ততা দীর্ঘদিনের। রাঙ্গুনিয়া উপজেলা স্কাউটসকে এগিয়ে নিতে তিনি বিভিন্ন সময়ে সংগঠকের দায়িত্ব পালন করেছেন। উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে কাব স্কাউটিং সম্প্রসারণ, ইউনিট লিডারদের দক্ষতা বৃদ্ধি এবং নতুন গ্রুপকে সক্রিয় করার কাজেও যুক্ত ছিলেন তিনি।
স্কাউটিংয়ের কার্যক্রম করতে গিয়ে কাছ থেকে দেখেছেন শিশু-কিশোরদের আগ্রহ, লিডারদের নানা চ্যালেঞ্জ এবং প্রশিক্ষণের প্রয়োজনীয়তা। সেই অভিজ্ঞতাই এবার তাঁকে নিয়ে গেছে প্রশিক্ষকের দায়িত্বে।
একজন স্কাউট লিডারের কাছে প্রশিক্ষক হওয়া শুধু পদোন্নতি নয়, বরং আরও বেশি দায়িত্ব নেওয়ার সুযোগ। কারণ তাঁর কাছ থেকে প্রশিক্ষণ নিয়ে তৈরি হবেন আরও অনেক লিডার, যাঁরা আবার ভবিষ্যৎ প্রজন্মের স্কাউটদের গড়ে তুলবেন।
স্কাউটিংয়ের মাঠের কাজের পাশাপাশি লেখালেখির সঙ্গেও যুক্ত লিটন বড়ুয়া। তাঁর লেখা ‘শাপলা কাব অ্যাওয়ার্ড সহায়িকা’ বইটি কাব স্কাউট ও লিডারদের মধ্যে সাড়া ফেলেছে।
কাব স্কাউটদের সর্বোচ্চ অ্যাওয়ার্ড ‘শাপলা কাব অ্যাওয়ার্ড’ অর্জনের প্রস্তুতির বিভিন্ন বিষয় সহজ ও সাবলীলভাবে তুলে ধরা হয়েছে বইটিতে। দেশের বিভিন্ন জেলা ও উপজেলার কাব লিডার ও কাব স্কাউটরা বইটি ব্যবহার করছেন বলে জানা গেছে।
স্কাউটিংয়ের জটিল বিষয়গুলো সহজ ভাষায় তুলে ধরার এই উদ্যোগকে তাঁর মাঠপর্যায়ের অভিজ্ঞতারই আরেকটি প্রকাশ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।
‘এটি রাঙ্গুনিয়ার সবার অর্জন’
নতুন দায়িত্ব পাওয়ার অনুভূতি জানাতে গিয়ে লিটন বড়ুয়া বলেন, ‘এই মনোনয়ন আমার একার নয়, এটি রাঙ্গুনিয়া উপজেলা স্কাউটসের সব সদস্যের অর্জন। বাংলাদেশ স্কাউটসের প্রতি আমি কৃতজ্ঞ। স্কাউট আন্দোলনকে আরও বেগবান করতে এবং রাঙ্গুনিয়াকে একটি মডেল উপজেলা স্কাউটস হিসেবে গড়ে তুলতে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাব।’
স্কাউটিং শুধু কুচকাওয়াজ বা ক্যাম্পিংয়ের মধ্যে সীমাবদ্ধ নয়। শৃঙ্খলা, নেতৃত্ব, দায়িত্ববোধ, মানবিকতা ও দেশপ্রেমের মতো মূল্যবোধ গড়ে তোলাও এর অন্যতম উদ্দেশ্য। সেই আন্দোলনের প্রশিক্ষক হিসেবে লিটন বড়ুয়ার নতুন দায়িত্ব রাঙ্গুনিয়ার স্কাউটিং কার্যক্রমকে আরও গতিশীল করবে এমন প্রত্যাশা সংশ্লিষ্টদের।
রাঙ্গুনিয়ার স্কাউটিংয়ের মাঠে দীর্ঘদিনের কাজের স্বীকৃতি হিসেবে পাওয়া এই মনোনয়ন তাই লিটন বড়ুয়ার ব্যক্তিগত অর্জনের পাশাপাশি স্থানীয় স্কাউট আন্দোলনের জন্যও নতুন সম্ভাবনার বার্তা দিচ্ছে।