দেশকে অস্থিতিশীল করার যেকোনো চক্রান্ত প্রতিহত করার ঘোষণা দিয়েছেন রাঙ্গুনিয়া পৌরসভা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা। শুক্রবার (২ অক্টোবর) সন্ধ্যায় পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে আয়োজিত মশাল মিছিল ও সমাবেশে তাঁরা এ কথা বলেন।
সন্ধ্যায় রাঙ্গুনিয়া পৌরসভার ঘাটচেক এলাকা থেকে মশাল মিছিলটি বের হয়। মিছিলটি কাপ্তাই সড়কের রোয়াজারহাট এলাকা প্রদক্ষিণ করে থানা সদরে গিয়ে শেষ হয়। পরে সেখানে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। চট্টগ্রাম উত্তরজেলা ছাত্রদলের সাবেক সহসভাপতি ফারুকুল ইসলামের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন রাঙ্গুনিয়া পৌরসভার ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মাহবুব আলম, বিএনপি নেতা জামাল উদ্দিন, পৌরসভা শ্রমিক দলের সভাপতি মো. রেজাউল করিম, উপজেলা জিসাসের সভাপতি শহিদুল ইসলাম সোহেল, পৌরসভা ছাত্রদলের সাবেক সহসভাপতি আবু হাসান চৌধুরী আকবর, পৌরসভা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক তাহানিয়াজ মোরশেদ তোহা ও সাধারণ সম্পাদক মো. রাশেদ।
সমাবেশ সঞ্চালনা করেন পৌরসভা যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. সাহেদুল ইসলাম ইফাক।
বক্তারা বলেন, দেশে সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির যেকোনো চেষ্টা প্রতিহত করা হবে। সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা বিঘ্নিত হয় এমন কর্মকাণ্ডের বিরুদ্ধে নেতা-কর্মীদের সজাগ ও ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তাঁরা।