এম. মোরশেদ আলম:
রাঙ্গুনিয়ায় উপজেলা স্কাউটসের আয়োজনে দিনব্যাপী ‘ডে ক্যাম্প ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩ অক্টোবর) সকালে মজুমদারখীল উচ্চবিদ্যালয় ক্যাম্পাসে এ আয়োজন শুরু হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও বাংলাদেশ স্কাউটস রাঙ্গুনিয়া উপজেলা নির্বাহী কমিটির সভাপতি মো. নাজমুল হাসানের সার্বিক তত্ত্বাবধান ও নির্দেশনায় এ ডে ক্যাম্পের আয়োজন করা হয়। এতে উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের স্কাউটার, ইউনিট লিডার এবং শাপলা ও পিএস মূল্যায়নে চট্টগ্রাম জেলা পর্যায়ে উত্তীর্ণ কাব ও স্কাউট শিক্ষার্থীরা অংশ নেয়।
দিনব্যাপী আয়োজনে কাব ও স্কাউটদের ক্রমোন্নতিশীল ব্যাজ পদ্ধতি, প্যাক ও ট্রুপ মিটিং, হাইকিংসহ বিভিন্ন ব্যবহারিক প্রশিক্ষণ, সামাজিক সচেতনতামূলক সেশন ও শিক্ষণীয় কার্যক্রম পরিচালিত হয়। শাপলা ও পিএস অর্জনের লক্ষ্যে অংশগ্রহণকারীদের বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়।
বিকেলে অনুষ্ঠিত সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার ও স্কাউটস রাঙ্গুনিয়া উপজেলার কমিশনার সুমন শর্মা। উপজেলা যুগ্ম সম্পাদক স্কাউটার এম. মোরশেদ আলমের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা সম্পাদক স্কাউটার আজিজুল ইসলাম। এ সময় বাংলাদেশ স্কাউটস উপজেলা নির্বাহী কমিটির কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি সুমন শর্মা বলেন, স্কাউটিং তরুণ প্রজন্মকে অনুশাসিত, দায়িত্বশীল ও মানবিক নাগরিক হিসেবে গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এ ধরনের আয়োজনের মাধ্যমে শিক্ষার্থীদের দক্ষতা বৃদ্ধির পাশাপাশি পারস্পরিক সৌহার্দ্য ও সহযোগিতার মনোভাব তৈরি হয়।
দিনব্যাপী ক্যাম্পে প্রশিক্ষক হিসেবে বিভিন্ন সেশন পরিচালনা করেন চট্টগ্রাম জেলা স্কাউটসের সহকারী কমিশনার স্কাউটার আনন্দ কুমার বড়ুয়া, উপজেলা কাব লিডার ও প্রোগ্রাম পরিচালক স্কাউটার বিধান কুমার দেওয়ানজী, স্কাউটার মলয় কুমার দে, কাজী আহসান উদ্দিন, পংকজ কুসুম বড়ুয়া, বিমল কুমার শীল, হারুন সিকদার, রাজু প্রসাদ বড়ুয়া, শম্ভু কান্তি বিশ্বাস ও টুটন দাশগুপ্তসহ উপজেলা স্কাউট ও রোভার স্কাউটের সদস্যরা।