রাঙ্গুনিয়া পৌরসভার ৮ নম্বর ওয়ার্ড সৈয়দবাড়ি এলাকায় ডেঙ্গুর প্রকোপ বেড়ে যাওয়ায় পরিচ্ছন্নতা অভিযান শুরু করেছে উপজেলা প্রশাসন। শনিবার (৩ সেপ্টেম্বর) সকালে ‘পরিচ্ছন্ন করি নগর-গ্রাম, গড়ি নান্দনিক চট্টগ্রাম’ কর্মসূচির অংশ হিসেবে নালা-নর্দমা, ডাস্টবিন ও সড়কের আশপাশের ময়লা-আবর্জনা পরিষ্কার করা হয়।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, সৈয়দবাড়ি রাঙ্গুনিয়ার ডেঙ্গুর হটজোনগুলোর একটি। এ কারণে ডেঙ্গু প্রতিরোধে মশার প্রজননস্থল ধ্বংস, জমে থাকা পানি অপসারণ এবং পরিবেশ পরিষ্কারে এ অভিযান শুরু করা হয়েছে।
সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন নূরের আলো যুব একতা সংঘ, গাউছিয়া কমিটি, আনজুমান-এ-ইয়াহইয়া সুন্নাহ বাংলাদেশ ও মাইজভান্ডারি যুব সংঘের সদস্যরা অভিযানে সহযোগিতা করেন। এ সময় ড্রেন ও জলাধার পরিষ্কারসহ রাস্তা ও আশপাশের ময়লা-আবর্জনা অপসারণ করা হয়।
কর্মসূচি পরিদর্শন করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট খন্দকার ফারজানা নাজনীন সেতু।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নাজমুল হাসান বলেন, ডেঙ্গু প্রতিরোধে শুধু প্রশাসনের অভিযান যথেষ্ট নয়, বাসাবাড়ি ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখতে স্থানীয় বাসিন্দাদেরও দায়িত্বশীল হতে হবে। সবাইকে জমে থাকা পানি অপসারণ এবং পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশ নেওয়ার আহ্বান জানান তিনি।
আগামী শুক্রবার ও শনিবারও সৈয়দবাড়ি এলাকায় পরিচ্ছন্নতা অভিযান চালাবেন স্বেচ্ছাসেবী সংগঠনগুলো।