রাঙ্গুনিয়ায় প্রতিবন্ধী শিশু ও যুবদের জন্য সরকারি-বেসরকারি বিভিন্ন সেবা নিয়ে নাগরিক সংলাপ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার সকালে উপজেলার এওয়াক ট্রেনিং সেন্টারে এ সংলাপ অনুষ্ঠিত হয়।
Association for Women Empowerment and Child Rights (এওয়াক)-এর MaPInCBR প্রকল্পের আয়োজনে এবং CDD ও Liliane Fonds-এর সহযোগিতায় এ সংলাপের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন এওয়াকের প্রধান নির্বাহী সফিউল আজম সিরাজী। প্রধান অতিথি ছিলেন মরিয়মনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুজিবুল হক। সংলাপ পরিচালনা করেন CBR Facilitator খোরশেদ আলম।
জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। শুরুতে প্রকল্প সমন্বয়কারী আছাফুল ইসলাম সিদ্দিকী প্রকল্পের উদ্দেশ্য ও কার্যক্রম এবং প্রতিবন্ধী শিশু ও যুবদের জন্য বিদ্যমান বিভিন্ন সেবা সম্পর্কে আলোচনা করেন।
সংলাপে বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিরা তাঁদের প্রতিষ্ঠানের মাধ্যমে দেওয়া সেবার বিষয়ে অংশগ্রহণকারীদের অবহিত করেন। পরে অংশগ্রহণকারীরা বিভিন্ন বিষয়ে প্রশ্ন ও মতামত তুলে ধরেন। সংশ্লিষ্ট প্রতিনিধিরা তাঁদের প্রশ্নের উত্তর দেন।
প্রধান অতিথির বক্তব্যে মরিয়মনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুজিবুল হক বলেন, ইউনিয়ন পরিষদের মাধ্যমে প্রতিবন্ধী শিশুদের প্রয়োজনীয় বিভিন্ন সেবা বিনা মূল্যে ও অগ্রাধিকার ভিত্তিতে দেওয়া হচ্ছে। ভবিষ্যতেও এসব সেবা অব্যাহত থাকবে।
তিনি প্রতিবন্ধী শিশু ও তাঁদের পরিবারের অধিকার নিশ্চিত করতে সরকারি প্রতিষ্ঠান, জনপ্রতিনিধি, বেসরকারি সংস্থা ও স্থানীয় জনগোষ্ঠীর সম্মিলিত সহযোগিতার ওপর গুরুত্ব দেন।
সভাপতির বক্তব্যে এওয়াকের প্রধান নির্বাহী সফিউল আজম সিরাজী বলেন, প্রতিবন্ধী শিশু ও যুবদের প্রয়োজনীয় সেবা নিশ্চিত করতে সরকারি দপ্তর, জনপ্রতিনিধি, সেবাদানকারী প্রতিষ্ঠান ও কমিউনিটির সমন্বিত সহযোগিতা প্রয়োজন।
অনুষ্ঠানে মরিয়মনগর ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা সুব্রত কুমার নাথ, ইউপি সদস্য মো. বেলাল, রেজাউল করিম, জাহাঙ্গীর আলম, রহিমা আকতার, ইয়াছমিন আরা ও জয়তুন নূর বেগম, উপসহকারী কৃষি কর্মকর্তা সালাউদ্দিন আল আজাদ, ইউনিয়ন সমাজসেবা কর্মকর্তা নজরুল ইসলাম, উপজেলা মহিলা বিষয়ক কার্যালয়ের হিসাবরক্ষক শিবু চন্দ্র নাথসহ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
এ ছাড়া এওয়াক MaPInCBR প্রকল্পের প্রকল্প সমন্বয়কারী আছাফুল ইসলাম সিদ্দিকী, Accounts & Admin Officer রমিজ রেজা, CBR Officer জোবেদা খাতুন, প্রশিক্ষক নাজনীন আরা, CRC সদস্য, যুব সদস্য, Impact Group-এর সদস্য এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা সংলাপে অংশ নেন।