রাঙ্গুনিয়ায় ৫০ জন প্রতিবন্ধী কিশোরীর মধ্যে ডিগনিটি কিট বিতরণ করা হয়েছে। একই অনুষ্ঠানে ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ দুই শিক্ষার্থীকে সম্মাননা ক্রেস্ট দেওয়া হয়। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এসব কর্মসূচি অনুষ্ঠিত হয়। লিলিয়ানা ফন্ডসের অর্থায়নে, সিডিডির কারিগরি সহায়তায় এবং এওয়াকের মাধ্যমে বাস্তবায়নাধীন MaPInCBR প্রকল্পের আয়োজনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এর আগে প্রতিবন্ধী শিশু-কিশোর ও যুবদের অধিকার, মর্যাদা ও অন্তর্ভুক্তিমূলক শিক্ষা নিশ্চিত করতে একটি অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়। এতে উপজেলার ছয়টি বিদ্যালয়ের স্কুল ম্যানেজিং কমিটির সদস্য, প্রধান শিক্ষক, শিক্ষা ও মাধ্যমিক শিক্ষা বিভাগের কর্মকর্তা, সমাজসেবা কর্মকর্তা, উপজেলা রিসোর্স সেন্টারের প্রতিনিধি, সিআরসি, ইমপ্যাক্ট গ্রুপ ও ইয়ুথ গ্রুপের সদস্যরা অংশ নেন।
সভায় প্রতিবন্ধী শিশু-কিশোরদের বিদ্যালয়ে অন্তর্ভুক্তি, শিক্ষাপ্রতিষ্ঠানে তাঁদের অংশগ্রহণ বৃদ্ধি, অধিকার ও সুরক্ষা নিশ্চিত করা এবং স্থানীয় পর্যায়ে সমন্বিত উদ্যোগ নেওয়ার বিষয়ে আলোচনা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নাজমুল হাসান। স্বাগত বক্তব্য দেন এওয়াকের প্রকল্প সমন্বয়কারী মো. আছাফুল ইসলাম সিদ্দিকী।
এ সময় বক্তব্য দেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মুহাম্মদ হাসান, উপজেলা একাডেমিক সুপারভাইজার সুমন শর্মা, উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা লতিকা রত্নম মান্না, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক এবং সিআরসি, ইমপ্যাক্ট গ্রুপ ও ইয়ুথ গ্রুপের প্রতিনিধিরা।
অনুষ্ঠানে এওয়াকের প্রধান নির্বাহী শফিউল আজম সিরাজী, তাপস চন্দ্র বড়ুয়াসহ শিক্ষক, সাংবাদিক, ইউনিয়ন পরিষদের প্রতিনিধি, এসএমসি সদস্য, অভিভাবক ও প্রকল্পসংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, প্রতিবন্ধী শিশু-কিশোরদের মূলধারার শিক্ষায় সম্পৃক্ত করা এবং সমাজের বিভিন্ন ক্ষেত্রে তাঁদের অর্থবহ অংশগ্রহণ নিশ্চিত করতে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান ও কমিউনিটির সমন্বিত উদ্যোগ প্রয়োজন।