রাঙ্গুনিয়ায় বিআইজেডএইচ বালিকা উচ্চ বিদ্যালয়ে পবিত্র ঈদে মিলাদুন্নবী (দ.) উপলক্ষে খতমে কোরআন, হামদ, নাত ও কেরাত প্রতিযোগিতাসহ বিভিন্ন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। এতে বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকেরা অংশ নেন।
বুধবার (৯ সেপ্টেম্বর) সকালে শিক্ষার্থীদের অংশগ্রহণে খতমে কোরআনের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। পরে হামদ, নাত, কেরাতসহ বিভিন্ন বিষয়ে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক রতন কান্তি শীল এর সভাপতিত্বে আলোচনা সভায় তকরির করেন সৈয়দবাড়ি জামে মসজিদের খতিব মাওলানা মঈনুদ্দিন সিকদার আল কাদেরী। অতিথি ছিলেন বিদ্যালয় পরিচালনা পরিষদের অভিভাবক সদস্য মো. তৈয়ব উদ্দীন খাঁন, রাঙ্গুনিয়া প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক নুরুল আবছার চৌধুরী, সাবেক সাধারণ সম্পাদক আব্বাস হোসাইন আফতাব প্রমুখ। আলোচনা পর্বে অতিথিরা মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর জীবন ও আদর্শের বিভিন্ন দিক তুলে ধরেন। তাঁরা শিক্ষার্থীদের নৈতিকতা, মানবিক মূল্যবোধ ও শৃঙ্খলা চর্চার ওপর গুরুত্ব দেন।
পরে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। শিক্ষক-কর্মচারীদের সহযোগিতায় আনন্দঘন পরিবেশে অনুষ্ঠানটি শেষ হয়।