রাঙ্গুনিয়ায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে তিনটি চালের গুদামকে মোট ২ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সোমবার উপজেলার রাজানগর ইউনিয়নের রানীরহাট বাজারে এ অভিযান পরিচালনা করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট খন্দকার ফারজানা নাজনীন সেতু। অভিযানে প্রসিকিউটরের দায়িত্ব পালন করেন রাঙ্গুনিয়া খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ইমরান হোসেন।
আদালত সূত্রে জানা যায়, খাদ্যদ্রব্য উৎপাদন, মজুত, স্থানান্তর, পরিবহন, সরবরাহ, বিতরণ ও বিপণন আইনের ধারায় তিনটি চালের গুদামকে মোট ২ লাখ ৫০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়।
অভিযানের সময় ভ্রাম্যমাণ আদালত চালের মজুত, সংরক্ষণ ও বিপণনসংক্রান্ত বিষয়গুলো পরিদর্শন করেন। একই সঙ্গে সংশ্লিষ্ট ব্যবসায়ীদের আইন মেনে খাদ্যপণ্য মজুত ও বিপণনের বিষয়ে সতর্ক করা হয়।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, খাদ্যপণ্যের বাজারে শৃঙ্খলা বজায় রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।