রাঙ্গুনিয়ায় পুলিশের পৃথক অভিযানে ১০টি ইয়াবা বড়ি ও ১০০ লিটার দেশীয় তৈরি চোলাইমদ উদ্ধার করা হয়েছে। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি সিএনজিচালিত অটোরিকশা জব্দ করা হয়। এ ঘটনায় চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার (৬ সেপ্টেম্বর) রাতে উপজেলার পারুয়া ও হোছনাবাদ ইউনিয়নে পৃথক অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। সোমবার (৭ সেপ্টেম্বর) তাঁদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দুটি মামলা করা হয়েছে।
পুলিশ জানায়, গতকাল রাতে উপজেলার পারুয়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের জঙ্গল পারুয়া এলাকায় অভিযান চালিয়ে মো. জুয়েল রানা (৩০) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। তাঁর কাছ থেকে ১০টি ইয়াবা বড়ি উদ্ধার করা হয়েছে।
এর আগে রাতে হোছনাবাদ ইউনিয়ন পরিষদের সামনে অভিযান চালায় পুলিশের আরেকটি দল। এ সময় মো. আবছার উদ্দীন (২৮), টিপু সরদার (২৬) ও হৃদয় দাশ (২৮) নামের তিনজনকে গ্রেপ্তার করা হয়। তাঁদের কাছ থেকে ১০০ লিটার দেশীয় তৈরি চোলাইমদ উদ্ধার করা হয়। একই সঙ্গে মদ পরিবহনে ব্যবহৃত একটি পুরোনো সিএনজিচালিত অটোরিকশা জব্দ করা হয়।
রাঙ্গুনিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জহির উদ্দিন বলেন, মাদকবিরোধী অভিযান অব্যাহত রয়েছে। মাদক কেনাবেচা ও পরিবহনের সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেপ্তার জুয়েল রানার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ধারায় এবং অপর তিনজনের বিরুদ্ধে একই আইনের ধারায় মামলা করা হয়েছে।