মাদক, গ্যাস-জ্বালানি ও বিদ্যুৎ সংকট, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, নারী ও শিশু নির্যাতন এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে সাত দফা দাবি জানিয়েছে বাংলাদেশ ইসলামী যুবসেনা রাঙ্গুনিয়া উপজেলা (মধ্যম-দক্ষিণ)। এসব দাবি বাস্তবায়নে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে স্মারকলিপি দিয়েছে সংগঠনটি।
স্মারকলিপিতে জনদুর্ভোগ নিরসন, মাদকমুক্ত সমাজ গঠন, নারী ও শিশুর নিরাপত্তা নিশ্চিত করা এবং বিদ্যুৎ ও গ্যাস-জ্বালানি সংকট নিরসনে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানানো হয়। একই সঙ্গে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে প্রশাসনের কার্যকর ভূমিকা প্রত্যাশা করা হয়েছে।
স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী যুবসেনা রাঙ্গুনিয়া উপজেলা (মধ্যম-দক্ষিণ) শাখার সভাপতি মাওলানা মুহাম্মদ আব্দুস শাকুর, সাধারণ সম্পাদক মুহাম্মদ বেলাল উদ্দীন, সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ তারেক হোসাইন ও পৌর যুবসেনার সভাপতি মুহাম্মদ হারুনসহ সংগঠনের নেতাকর্মীরা।