রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
ফেসবুকের কল্যাণে হারানো টাকা ফিরে পেলেন জামাল রাঙ্গুনিয়ায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান জ্বালানি সংকটে ৬ মাসেও কার্যকর ব্যবস্থা নিতে পারেনি সরকার: জামায়াত আমির জামায়াতের সঙ্গে আলাপ করেই গুলশানে মিছিল করেছে আ. লীগ: রাশেদ খাঁন ডেঙ্গুর ডেন-৩ ধরনে বাড়ছে ঝুঁকি, অক্টোবরে পরিস্থিতি আরও ভয়াবহ হওয়ার শঙ্কা শিল্পে সংকট ঠেকাতে ১৫০ কূপ খনন ও নতুন এলএন রাঙ্গুনিয়ায় বৃত্তিমূলক প্রশিক্ষণ কেন্দ্র ঘুরে দেখলেন বিভাগীয় কমিশনার নতুন কুঁড়ি সিজন-২ উপলক্ষে রাঙ্গুনিয়ায় ১৫ দিনের ফ্রি প্রশিক্ষণ ক্যাম্প শেষ দুই যুগ পর আবারও ‘চোরের শিং’! স্বনির্ভর রাঙ্গুনিয়ার সাহা পাড়ায় গভীর রাতে চুরি যে খালে ফিরছে প্রাণ

খোলস বদলে নতুন নামে র‍্যাব, জবাবদিহিহীনতার শঙ্কায় টিআইবি

  • প্রকাশিত: সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬
  • ২৭ বার পড়া হয়েছে

র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) বিলুপ্ত করে প্রস্তাবিত স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) গঠনকে নতুন মোড়কে জবাবদিহিহীন বাহিনী তৈরির চেষ্টা হিসেবে দেখছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)।

সংসদে উত্থাপিত ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) বিল, ২০২৬’-এর মাধ্যমে মূলত নতুন নামে অধিকতর ক্ষমতায়িত একটি বাহিনীর আইনগত ভিত্তি তৈরি করা হচ্ছে বলে সংস্থাটি উদ্বেগ প্রকাশ করেছে।

রোববার (৬ সেপ্টেম্বর) টিআইবির আউটরিচ অ্যান্ড কমিউনিকেশন পরিচালক মোহাম্মদ তৌহিদুল ইসলামের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই উদ্বেগের কথা জানানো হয়।

বিজ্ঞপ্তিতে টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান জানান, র‍্যাব বিলুপ্তির নীতিগত সিদ্ধান্ত ইতিবাচক হলেও শুধু নাম পরিবর্তন করলে প্রাতিষ্ঠানিক সংস্কার হয় না।

র‍্যাবের বিরুদ্ধে থাকা বিচারবহির্ভূত হত্যা, গুম ও নির্যাতনের মতো গুরুতর অভিযোগের পুনরাবৃত্তি রোধে নতুন বাহিনীর কাঠামো, বলপ্রয়োগের বিধান এবং জবাবদিহির ব্যবস্থায় মৌলিক পরিবর্তন আনার তাগিদ দেন তিনি।

অন্যথায় র‍্যাবের বদলে এসআরবি নামে একই ধরনের ক্ষমতার বাহিনী গড়ে উঠলে তা কেবলই পুরোনো প্রতিষ্ঠানের খোলস বদলানোর শামিল হবে বলে তিনি উল্লেখ করেন।

বিলে সামরিক বাহিনীর সদস্যদের প্রেষণে অন্তর্ভুক্তির সুযোগ রাখায় উদ্বেগ প্রকাশ করে টিআইবি জানায়, অভ্যন্তরীণ পুলিশিংয়ে সামরিক যুদ্ধকৌশল ব্যবহারের ঝুঁকি স্থায়ীভাবে বন্ধ করতে হবে।

এছাড়া জাতিসংঘের সিকিউরিটি সেক্টর রিফর্ম (এসএসআর) ও ডিডিআর মানদণ্ড অনুযায়ী একটি স্বচ্ছ ভেটিং প্রক্রিয়ার মাধ্যমে র‍্যাবের জনবল এসআরবিতে স্থানান্তরের দাবি জানানো হয়। বিচারবহির্ভূত হত্যাকাণ্ডে জড়িত কেউ যেন নতুন বাহিনীতে সুযোগ না পায়, সেটি নিশ্চিত করতে বলা হয়েছে।

প্রস্তাবিত বিলে এসআরবিকে অস্পষ্ট ক্ষমতা প্রদান, পরোয়ানা ছাড়া তল্লাশি ও গ্রেপ্তার এবং নিজস্ব হাজতখানা রাখার সুযোগ দেওয়াকে সংবিধান ও নাগরিক ও রাজনৈতিক অধিকারবিষয়ক আন্তর্জাতিক চুক্তির (আইসিসিপিআর) সুস্পষ্ট লঙ্ঘন বলে সংস্থাটি মন্তব্য করেছে।

বিলের ২২ ধারায় প্রস্তাবিত অভিযোগ প্রতিকার কমিটিকে স্বার্থের দ্বন্দ্বে দুষ্ট আখ্যা দিয়ে টিআইবি জানায়, গুরুতর মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ সহকর্মীদের দিয়ে তদন্ত করানো নিরপেক্ষ হতে পারে না।

এর পরিবর্তে আইন বিশেষজ্ঞ ও মানবাধিকারকর্মীদের সমন্বয়ে সম্পূর্ণ স্বাধীন ও নিরপেক্ষ তদারকি কর্তৃপক্ষ গঠনের সুপারিশ করেছে সংস্থাটি।

টিআইবি ইতোমধ্যে বিলটির ধারাভিত্তিক বিশ্লেষণ ও সুপারিশ সম্বলিত একটি পলিসি ব্রিফ সংশ্লিষ্ট মন্ত্রী ও সংসদীয় কমিটির কাছে পাঠিয়েছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews