আব্বাস হোসাইন আফতাব : উপজেলায় ডেঙ্গুর প্রকোপ বাড়ছে। গত ১৫ দিনে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৩৫ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছেন। এর মধ্যে ১৯ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ডেঙ্গু সংক্রমণের দিক থেকে সবচেয়ে ঝুঁকিপূর্ণ এলাকা হিসেবে রাঙ্গুনিয়া পৌরসভার সৈয়দবাড়িকে প্রথম, বেতাগী ইউনিয়নের পূর্ব বেতাগীকে দ্বিতীয় এবং ইছাখালীর দাশপাড়াকে তৃতীয় হটজোন হিসেবে চিহ্নিত করা হয়েছে।উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, গত ২ সেপ্টেম্বর চারজন ডেঙ্গু রোগী ভর্তি হন। রোববার (৬ সেপ্টেম্বর) নতুন করে আরও দুজন রোগী ভর্তি হয়েছেন। গত ১৫ দিনে শনাক্ত হওয়া রোগীদের মধ্যে ১৯ জন হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ও ডেঙ্গু রোগের ফোকাল পারসন আলোয়ারুল আজম বলেন, ‘রাঙ্গুনিয়ায় ডেঙ্গু রোগীর সংখ্যা বাড়ছে। বিশেষ করে কয়েকটি এলাকায় রোগীর সংখ্যা তুলনামূলক বেশি। এসব এলাকায় এডিস মশার প্রজননস্থল ধ্বংস করতে স্থানীয়ভাবে সচেতনতা ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদার করা প্রয়োজন।’
তিনি আরও বলেন, জ্বর হলে অবহেলা না করে দ্রুত ডেঙ্গু পরীক্ষা করানো উচিত। এ ছাড়া বাড়ির আশপাশে কোথাও পানি জমে থাকলে তা অপসারণ করতে হবে। ডেঙ্গু প্রতিরোধে ব্যক্তি ও পরিবার পর্যায়ে সচেতনতার পাশাপাশি মশা নিয়ন্ত্রণ কার্যক্রমও জোরদার করা জরুরি।