আব্বাস হোসাইন আফতাব : আগুনে পুড়ে গেছে দোকান, থমকে গেছে কয়েকটি পরিবারের জীবিকা। হঠাৎ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের মুখে যখন অনিশ্চয়তার ছাপ, তখন তাঁদের পাশে দাঁড়াতে ছুটে গেলেন রাঙ্গুনিয়া-৭ আসনের সংসদ সদস্য হুমাম কাদের চৌধুরী।
শনিবার (৫ সেপ্টেম্বর) সকালে রাঙ্গুনিয়ার পারুয়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত দোকানগুলো পরিদর্শন করেন তিনি। ঘটনাস্থলে গিয়ে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেন, তাঁদের ক্ষয়ক্ষতির কথা শোনেন এবং সার্বিক পরিস্থিতির খোঁজখবর নেন।
এ সময় ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের হাতে নগদ আর্থিক সহায়তা তুলে দেন হুমাম কাদের চৌধুরী। আকস্মিক এই বিপর্যয়ে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে থাকারও আশ্বাস দেন তিনি।
আগুনের ঘটনায় শুধু দোকানই পুড়ে যায়নি, ক্ষতিগ্রস্ত হয়েছে ব্যবসায়ীদের দীর্ঘদিনের সঞ্চয় ও জীবিকার অবলম্বন। তাই আগুনের পরপরই তাঁদের পাশে দাঁড়ানোর এই উদ্যোগকে স্বস্তির বার্তা হিসেবে দেখছেন স্থানীয়রা।
পরিদর্শনকালে স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতাকর্মী ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।